প্রখ্যাত কথাসাহিত্যিক সমরেশ মজুমদারের বিখ্যাত উপন্যাস ‘কালবেলা’ নিয়ে পাঠচক্রের আসর করেছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বন্ধুসভা। ১২ মে কুমিল্লার ঐতিহাসিক শালবন বিহারে এটি অনুষ্ঠিত হয়।
‘কালবেলা’ উপন্যাসটি প্রেম, রাজনীতি ও বিপ্লবের এক অসাধারণ সমন্বয়। কেন্দ্রীয় চরিত্র অনিমেষ মিত্রের কলেজ ও বিশ্ববিদ্যালয়–জীবনের মধ্য দিয়ে তৎকালীন নকশাল আন্দোলন, রাজনৈতিক অস্থিরতা এবং ব্যক্তিগত সংগ্রামের চিত্র ফুটে উঠেছে। অনিমেষের জীবনে যেমন ছিল বিপ্লবের স্বপ্ন, তেমনি ছিল মাধবীলতার নিঃস্বার্থ ভালোবাসা।
মাধবীলতা চরিত্রটি ভালোবাসা, ত্যাগ ও বিশ্বাসের এক অনন্য প্রতীক হিসেবে উপস্থাপিত হয়েছে। রাজনৈতিক অস্থিরতার মধ্যেও তাদের সম্পর্ক উপন্যাসটিকে শুধু রাজনৈতিক নয়, বরং গভীর প্রেম ও আত্মত্যাগের এক অনন্য আখ্যান হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
লেখক সমরেশ মজুমদার সমাজ, রাজনীতি ও মানুষের আবেগকে এমনভাবে তুলে ধরেছেন, যা পাঠককে একই সঙ্গে ভাবায়, শিহরিত করে এবং আবেগপ্রবণ করে তোলে। তাই ‘কালবেলা’ শুধু একটি উপন্যাস নয়, বরং প্রেম, সংগ্রাম ও আত্মত্যাগের এক জীবন্ত দলিল।
সাধারণ সম্পাদক সানজিদ মুনতাসীর বলেন, ‘পাঠচক্র আমাদের শুধু বই পড়ায় না, বরং ভাবতে শেখায়, প্রশ্ন করতে শেখায় এবং সমাজকে নতুনভাবে দেখতে শেখায়।’
এ সময় আরও উপস্থিত ছিলেন নোবিপ্রবি বন্ধুসভার বন্ধু তানভীর ভুইয়া, মোহাম্মদ তুহিন, হাসানুল বান্না, তানজিদ হাসান, অনির্বাণ অর্পণ, রকিব হাসানসহ অনেকে।
সহসভাপতি, নোবিপ্রবি বন্ধুসভা