হাসুক প্রতিটি শিশু, রঙিন হোক সবার ঈদ

সৈয়দপুর পাইলট হাইস্কুল মাঠে সুবিধাবঞ্চিত শিশুদের প্রথম আলো বন্ধুসভার ঈদ উপহারছবি: বন্ধুসভা

ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই ভ্রাতৃত্ব আর ভালোবাসার মেলবন্ধন। কিন্তু সমাজের সব শিশু এই আনন্দ সমানভাবে উপভোগ করতে পারে না। সেই সব সুবিধাবঞ্চিত শিশুদের ঈদের রঙিন স্বপ্নে নতুন মাত্রা যোগ করতে নীলফামারীর সৈয়দপুরে এক মানবিক উদ্যোগ নিল সৈয়দপুর বন্ধুসভা।

১৩ মার্চ সকালে ঐতিহ্যবাহী সৈয়দপুর পাইলট হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয় বন্ধুসভার বিশেষ কর্মসূচি ‘সহমর্মিতার ঈদ’। এর মাধ্যমে ৬০টি সুবিধাবঞ্চিত শিশুকে ঈদের নতুন জামা, ঈদসালামি ও খাদ্যসামগ্রী উপহার দেন বন্ধুরা।

সকালে স্কুল মাঠে শিশুরা জড়ো হলে পুরো পরিবেশ এক উৎসবমুখর মিলনমেলায় পরিণত হয়। শিশুদের হাতে নতুন পোশাকের সঙ্গে তুলে দেওয়া হয় সেমাই, চিনি, গুঁড়া দুধসহ প্রয়োজনীয় খাদ্যসামগ্রী। সবচেয়ে আকর্ষণীয় ছিল ঈদসালামি। সালামির টাকা হাতে পেয়ে শিশুদের উচ্ছ্বাস ছিল দেখার মতো।

সৈয়দপুর বন্ধুসভার সহমর্মিতার ঈদ।

এ সময় উপস্থিত ছিলেন সৈয়দপুর বন্ধুসভার উপদেষ্টা আজহারুল ইসলাম, সহকারী অধ্যাপক শিউলী বেগম, প্রধান শিক্ষক হাফিজা খাতুন, নারী উদ্যোক্তা আহমেদা ইয়াসমিন, শিক্ষক লিপিকা লিপি, হোসনে আরা লিপি, প্রথম আলোর সৈয়দপুর প্রতিনিধি এম আর আলম প্রমুখ। বন্ধুদের মধ্যে উপস্থিত ছিলেন সভাপতি মমতাজ বেগম, সাধারণ সম্পাদক আহসান হাবিব, বন্ধু বিলকিস আক্তার, দীপ্তি সিং, এলিজাবেথ, আসাদুজ্জামান, তাপস রায়, মো. ইমরান, সাধনা রায়, শামীম আল সাজিদ, রাইম চৌধুরী, রাশেদ, আল আমিন, রিয়াজুল ইসলাম, লাবিব, ফাতেমাসহ অনেকে।

উপহার বিতরণ শেষে বন্ধুসভার সদস্যরা মাঠে গোল হয়ে বসে বিশেষ আলোচনা সভায় অংশ নেন। বন্ধুরা বলেন, সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নেওয়াই ছিল তাঁদের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এমন মানবিক কর্মকাণ্ডের ধারা অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা।

বন্ধু, সৈয়দপুর বন্ধুসভা