সম্প্রীতি ও বৈশাখের রঙে বাবুডাইং আলোর পাঠশালায় বর্ষবরণ

চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার উদ্যোগে রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় প্রথম আলো ট্রাস্ট পরিচালিত বাবুডাইং আলোর পাঠশালার শিক্ষার্থীদের নিয়ে বর্ষবরণছবি: বন্ধুসভা

বৈশাখী শোভাযাত্রা, শিক্ষার্থীদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলা বর্ষবরণ ১৪৩৩ উদ্‌যাপন করেছে চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভা। ১৪ এপ্রিল রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় প্রথম আলো ট্রাস্ট পরিচালিত বাবুডাইং আলোর পাঠশালার শিক্ষার্থীদের নিয়ে এ আয়োজন করা হয়।

সকাল ১০টায় আলোর পাঠশালা সড়কে হাতে হাতে বাঁশি, মুখে মুখোশ, রঙিন ফিতাসহ দাশাই নাচের সঙ্গে বৈশাখী সাজে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা শেষে বিদ্যালয়ের মিলনায়তনে তৃতীয় থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে ‘বৈশাখী মেলা’ বিষয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

কোল ক্ষুদ্র জাতিসত্তার ঐতিহ্যবাহী দাশাই নাচ পরিবেশন
ছবি: বন্ধুসভা

চিত্রাঙ্কন শেষে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে মূল অনুষ্ঠান শুরু হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলীউজ্জামান নূরের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক ও বন্ধুসভার উপদেষ্টা আনোয়ার হোসেন। অন্যদের মধ্যে বক্তব্য দেন অবসরপ্রাপ্ত চিকিৎসক আবদুর রাকিব, শিক্ষানুরাগী শওকত আরা, বালিয়াডাঙ্গা ইসলামিয়া বালিকা উচ্চবিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সৈয়দ আজফার হোসেন, চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার উপদেষ্টা আজিজুর রহমান, সভাপতি মাসরুফা খাতুন ও সাধারণ সম্পাদক রামিজ আহমেদ।

কবিতা আবৃত্তি করেন আজিজুর রহমান ও চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার সহসভাপতি ফারাহ উলফাৎ রহমান। গান পরিবেশন করে চতুর্থ শ্রেণির শিক্ষার্থী তাজরিন খাতুন। নাচ পরিবেশন করেন বন্ধুসভার বন্ধু আরেফিন অপু, আলোর পাঠশালার খণ্ডকালীন শিক্ষক নীলমুনি কিসকু, শিক্ষার্থী মৌমিতা হাঁসদা, সুরমিলা হাঁসদা, ববিতা সাইচুরি, সোনালী হাঁসদা, গীতা মুরমু, মাসুমা খাতুন ও বৃষ্টি মুরমু। কোল ক্ষুদ্র জাতিসত্তার ঐতিহ্যবাহী দাশাই নাচ পরিবেশন করেন দাশাই দলের সদস্যরা। নাচের নেতৃত্ব দেন সিনিয়র শিক্ষক নির্মল কোল ও সহকারী শিক্ষক ট্রেম হাঁসদা।

চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা
ছবি: বন্ধুসভা

বক্তব্য শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ী ছয়জনের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। এ সময় বন্ধুসভাকে ধন্যবাদ জানিয়ে বাবুডাইং আলোর পাঠশালার প্রধান শিক্ষক আলীউজ্জামান নূর বলেন, ‘আবহমান বাংলার ঐতিহ্য হচ্ছে সম্প্রীতি। সমতা ও অসাম্প্রদায়িক চেতনার দীপ্তিতে আলোকিত আমাদের স্বদেশ। আজকের এ শুভ দিনে আমাদের প্রত্যাশা, মানবতা ধ্বংসকারী সব অপশক্তি বিনাশ হয়ে মানবতার জয় হোক।’

বৈশাখী শোভাযাত্রায় চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার বন্ধুরা
ছবি: বন্ধুসভা

বন্ধুসভার উপদেষ্টা আজিজুর রহমান বলেন, ‘অসাম্প্রদায়িক চেতনার একটি দৃষ্টান্ত হচ্ছে বাবুডাইং আলোর পাঠশালা। আজকের অনুষ্ঠানে এসে দেখলাম, সাংস্কৃতিক দলের সদস্যদের মধ্যে ক্ষুদ্র জাতিসত্তা ও বাঙালি শিশুরাও রয়েছে। শুধু তা–ই নয়, এ দলের সদস্যরা ইসলাম, হিন্দু, খ্রিষ্টধর্মেরও। তাদের এ সম্প্রীতি আমাদের মুগ্ধ করেছে।’

শেষে সবাইকে নিয়ে বৈশাখী খাবারের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন বাবুডাইং আলোর পাঠশালার শিক্ষকেরা। এ সময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার বন্ধু সিফা বিনতে হাবিব, নয়ন আহমেদ, শাহরিয়ার জামান, তানভীরসহ আরও অনেকে।

সভাপতি, চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভা