মুক্তিযুদ্ধের ইতিহাস ও ত্যাগের মহিমা হৃদয়ে ধারণ করতে হবে

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বন্ধুসভার উদ্যোগে মুক্তিযুদ্ধ অলিম্পিয়াডছবি: বন্ধুসভা

মুক্তিযুদ্ধের ইতিহাস ও তাৎপর্য তরুণ প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে ‘বন্ধুসভা মুক্তিযুদ্ধ অলিম্পিয়াড ২০২৬’ আয়োজন করেছে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বন্ধুসভা। ৩১ মার্চ স্থানীয় হেরিটেজ স্কুল অ্যান্ড কলেজে এটি অনুষ্ঠিত হয়।

শুরুতে বন্ধুসভার সদস্যরা প্রতিটি শ্রেণিকক্ষে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে মুক্তিযুদ্ধের তাৎপর্য ও মার্চ মাসের গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করেন। আলোচনার পর শুরু হয় অলিম্পিয়াডের মূল পর্ব। এতে মাধ্যমিক পর্যায়ের ১৬০ শিক্ষার্থী অংশগ্রহণ করে। ২০ মিনিটের এ পরীক্ষায় শিক্ষার্থীরা তাদের মেধা ও ইতিহাস–সচেতনতার পরিচয় দেয়।

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বন্ধুসভার বন্ধুরা
ছবি: বন্ধুসভা

পরীক্ষা শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য দেন হেরিটেজ স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক নাজমুল হোসেন। তিনি বলেন, ‘আজকের এই কিশোর-কিশোরীরাই আগামীর বাংলাদেশ। তারা যদি মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ও ত্যাগের মহিমা হৃদয়ে ধারণ করতে পারে, তবেই আমাদের স্বাধীনতা সার্থক হবে। বন্ধুসভার এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।’

হাবিপ্রবি বন্ধুসভার সভাপতি আশিকুর রহমান ভূঞা ও সাধারণ সম্পাদক সাজিয়া শারমিন বলেন, ‘স্বাধীনতার ইতিহাস আমাদের কাছে আমানত। সঠিক ইতিহাস তরুণ প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে আমাদের আরও কাজ করতে হবে। স্বাধীনতার প্রকৃত সার্থকতা আসুক প্রত্যেক নাগরিকের নিরাপদ ও সচেতন জীবনে।’

আলোচনা সভা শেষে অলিম্পিয়াডের ফলাফল ঘোষণা করা হয়। বিজয়ী হয়েছে যথাক্রমে জুনায়েদ আহসান, রিয়াদ হাসান, মুনাইম, নাহিদ হাসান, মোছা. লামিয়া ও আতিফা তাসনিম।