‘কঠিনেরে ভালোবেসে প্রথম আলো সত্যকে প্রকাশ করছে’

শেরপুরে প্রথম আলোর ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে শিশুদের সাংস্কৃতিক পরিবেশনা
ছবি: দেবাশীষ সাহা রায়

‘সত্যে তথ্যে ২৫’ ও ‘হারবে না বাংলাদেশ’ স্লোগানে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শেরপুরে প্রথম আলোর ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপিত হয়েছে। এ উপলক্ষে ১০ নভেম্বর শেরপুর বন্ধুসভার উদ্যোগে জেলা শহরের পাতাবাহার খেলাঘর আসর মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সকাল ১০টায় জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। আলোচনা সভায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন সুধাময় দাস বলেন, প্রথম আলো সৃষ্টিশীলতাকে অনুপ্রেরণা দেয়। প্রথম আলো সত্যকে ভালোবাসে। যদিও সত্য প্রকাশ করা খুব কঠিন এবং শতভাগ সত্যকে উদ্‌ঘাটিত করা সম্ভব হয় না। তবু প্রথম আলো তার সক্ষমতার সর্বোচ্চ ব্যবহার করে সত্য প্রকাশের নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এককথায় বলা যায়, কঠিনেরে ভালোবেসে প্রথম আলো সত্যকে প্রকাশ করছে।

শেরপুর ডায়াবেটিক সমিতির সভাপতি রাজিয়া সামাদ ডালিয়া বলেন, প্রথম আলো সূর্যের আলোর রশ্মির মতো। সূর্য যেমন প্রতিদিন সকালে উদয় হয়ে অন্ধকারকে দূর করে পৃথিবীকে আলোকিত করে, তেমনি প্রতিদিন ভোরে প্রকাশিত প্রথম আলো সত্য তথ্য প্রকাশের মাধ্যমে সমাজকে আলোকিত করে। প্রথম আলোর আয়নায় বাংলাদেশকে দেখা যায়। প্রথম আলো দুর্নীতিমুক্ত, আধুনিক ও বিজ্ঞানমনস্ক একটি সমাজ বিনির্মাণে দুই যুগের বেশি সময় ধরে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। বস্তুনিষ্ঠ, সাহসী আর নিরপেক্ষ সাংবাদিকতার মাধ্যমে তারা দেশের অন্যতম শ্রেষ্ঠ সংবাদপত্র হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে সমর্থ হয়েছে।

সভায় আরও বক্তব্য দেন জেলা অতিরিক্ত পুলিশ সুপার সাইদুর রহমান, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আ স ম নুরুল ইসলাম, শেরপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক শিবশঙ্কর কারুয়া, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আনিসুর রহমান ও নাগরিক সংগঠন জনউদ্যোগের আহ্বায়ক আবুল কালাম আজাদ। স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর প্রতিনিধি দেবাশীষ সাহা রায়।

আলোচনা শেষে পাতাবাহার খেলাঘর আসরের শিল্পীরা সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন। সঞ্চালনা করেন শেরপুর বন্ধুসভার উপদেষ্টা মলয় চাকী।