পরীক্ষার্থী বন্ধুদের শুভকামনায় সৈয়দপুর বন্ধুসভার বিশেষ সভা

সৈয়দপুর বন্ধুসভার সভাছবি: বন্ধুসভা

সৈয়দপুর বন্ধুসভার বন্ধু মোছাঃ ফাতেমা ও তাহসিন আহমেদ এবার এসএসসি পরীক্ষার্থী। তাদের শুভকামনা জানাতে বিশেষ এক সভা করেছে সৈয়দপুর বন্ধুসভা। ১৮ এপ্রিল বিকেলে সৈয়দপুর পাইলট হাইস্কুল মাঠে এই সভা অনুষ্ঠিত হয়।

শুরুতেই সভাপতি মমতাজ পারভীন পরীক্ষার্থী বন্ধুদের উদ্দেশে আন্তরিক শুভকামনা জানান এবং সবাইকে বন্ধুসভার কার্যক্রমে আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান। সভার সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আহসান হাবিব।

বন্ধুসভার সহসভাপতি ও সৈয়দপুর লায়ন্স স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক আসাদুজ্জামান আসাদ পরীক্ষার্থী বন্ধুদের উদ্দেশে পরীক্ষার প্রস্তুতি, সময় ব্যবস্থাপনা ও মানসিক দৃঢ়তা নিয়ে মূল্যবান দিকনির্দেশনা দেন এবং উৎসাহব্যঞ্জক কথায় তাদের অনুপ্রাণিত করেন।

বন্ধুসভার উপদেষ্টা ও প্রথম আলোর সৈয়দপুর প্রতিনিধি এম আর আলম তাঁর বক্তব্যে পরীক্ষার্থীসহ সব বন্ধুকে ভবিষ্যৎমুখী চিন্তা ও ইতিবাচক মনোভাব নিয়ে এগিয়ে যাওয়ার পরামর্শ দেন। তিনি বলেন, ‘আজকের তরুণেরাই আগামীর আলো। সঠিক পথে চললে সাফল্য অনিবার্য।’

সভা শেষে সৈয়দপুর বন্ধুসভার বন্ধুরা
ছবি: বন্ধুসভা

আরও বক্তব্য দেন বন্ধু তাপস রায় ও রেজা আহমেদ। তাঁরা পরীক্ষার্থীদের মনোবল চাঙা রাখার কথা বলেন এবং বন্ধুসভার পারস্পরিক সহযোগিতার সংস্কৃতিকে তুলে ধরেন।

সভায় পরীক্ষার্থী মোছা. ফাতেমা ও তাহসিন আহমেদের হাতে তুলে দেওয়া হয় উপহার ও ফুলের শুভেচ্ছা। এ ছাড়া কয়েকজন নতুন বন্ধুকেও আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয়।

এর আগে সভায় সদ্য সমাপ্ত পয়লা বৈশাখ উদ্‌যাপনের সাফল্য নিয়ে বিস্তারিত মূল্যায়ন আলোচনা হয়। এই আয়োজন সফল করে তুলতে যেসব বন্ধু বিশেষ ভূমিকা রেখেছিলেন, তাঁদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়।

সভায় আরও উপস্থিত ছিলেন বন্ধু রাশেদ সরকার, শামীম আল সাজিদ, ফারজানা আদিবাসহ অনেক বন্ধু।

বন্ধু, সৈয়দপুর বন্ধুসভা