রংপুর বন্ধুসভার ঈদ পুনর্মিলনী ও সাংগঠনিক বৈঠক
ঈদ-পরবর্তী আনন্দ ভাগাভাগি ও পারস্পরিক বন্ধন আরও দৃঢ় করতে পুনর্মিলনী ও সাংগঠনিক বৈঠক করেছে রংপুর বন্ধুসভা। ১২ জুন বিকেলে প্রথম আলো রংপুর অফিসে অনুষ্ঠিত এ আয়োজনে নতুন ও পুরোনো বন্ধুদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।
সোহেলী আক্তারের সভাপতিত্বে ও সৈয়দা ইফাত সামান্তার সঞ্চালনায় শুরুতে বন্ধুরা একে অপরের সঙ্গে ঈদের শুভেচ্ছা ও অভিজ্ঞতা বিনিময় করেন। পরে বৈঠকে সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম, বিশেষ করে বৃক্ষরোপণ কর্মসূচি নিয়ে আলোচনা করা হয়। এ ছাড়া নিয়মিত পাঠচক্র, সাংস্কৃতিক চর্চা ও বিভিন্ন সামাজিক উদ্যোগ বাস্তবায়নের বিষয়ে মতবিনিময় করেন সবাই।
নতুন বন্ধু মাইশা বলেন, ‘আমার সাহিত্য ভালো লাগে। বন্ধুসভা যেহেতু নিয়মিত পাঠচক্র আয়োজন করে ও শিল্প-সাহিত্য নিয়ে কাজ করে, তাই বন্ধুসভাতে যুক্ত হতে এসেছি।’
বন্ধু মাহরুফা ইয়াসমিন ঈদ অভিজ্ঞতা বিনিময় করেন। বলেন, ‘পরিবারের সবার সঙ্গে একত্রিত হওয়াটাই ঈদের বড় আনন্দ। কোরবানির ঈদে বাসায় সব সময়ই অনেক ব্যস্ততা থাকে। সেখানে আম্মুকে সহযোগিতা করতে পেরে খুবই ভালো লেগেছে।’
নতুন বন্ধুদের স্বাগত জানান ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ব্যক্ত করেন সাধারণ সম্পাদক কামরুল ইসলাম। তিনি বলেন, ‘বন্ধুসভা শুধু একটি সংগঠন নয়; এটি বন্ধুত্ব, মানবিকতা ও সৃজনশীলতার এক অনন্য প্ল্যাটফর্ম। ঈদ-পরবর্তী এই পুনর্মিলনী বন্ধুদের পারস্পরিক সম্পর্ককে আরও দৃঢ় করবে এবং ভবিষ্যৎ কার্যক্রমে নতুন উদ্দীপনা জোগাবে। জুন-জুলাই মাসে বৃক্ষরোপণ বিষয়ে আমাদের পরিকল্পনা হাতে নিতে সেই সঙ্গে আলোর পাঠশালার কার্যক্রমকে আরও বেগবান করতে হবে।’
সবশেষে নবীন সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। এরপর গান-আড্ডা-কবিতায় আনন্দঘন পরিবেশের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।