মাতৃভাষার প্রশ্নে কোনো আপস মেনে নেওয়ার নয়

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে জাবি বন্ধুসভার বন্ধুরা পুষ্পস্তবক অর্পণ করেনছবি: বন্ধুসভা

বাংলা আমাদের মাতৃভাষা। এ ভাষা আমাদের জীবনের প্রতিটি স্তরে, প্রতিটি কাজে গভীরভাবে মিশে আছে। তাই বাঙালির কাছে বাংলা জীবনের চেয়ে বেশি মূল্যবান। এই ভাষা রক্ষার্থেই ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারিতে রাজপথে শহীদ হয়েছিলেন বাংলার দামাল ছেলেরা। প্রত্যেক বাঙালিই যেন সালাম-বরকতদের প্রতিচ্ছবি। মাতৃভাষার প্রশ্নে কোনো আপস মেনে নেওয়ার নয়।

প্রতিবছরের ধারাবাহিকতায় এ বছরও আন্তর্জাতিক মাতৃভাষা ও জাতীয় শহীদ দিবসে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বন্ধুসভা ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে। একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে বন্ধুরা পুষ্পস্তবক অর্পণ করেন।

শহীদ মিনার প্রাঙ্গণে ধ্বনিত হচ্ছিল অমর সেই গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি...’। গানটির প্রতিটি পঙ্‌ক্তি যেন স্মরণ করিয়ে দিচ্ছিল আত্মত্যাগের ইতিহাস ও ভাষার মর্যাদা রক্ষার অঙ্গীকার।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন সভাপতি সৈয়দ সালমান হাসান, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক সিফাত আরেফিন, বইমেলা সম্পাদক মাহমুদ প্রসুন, সাংস্কৃতিক সম্পাদক তাসনিম সুলতানা, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক হাসানুজ্জামান, কার্যনির্বাহী সদস্য তাসনিম আহমেদ, সাবেক সভাপতি শেখ হামিম ও সাবেক সাধারণ সম্পাদক রেজনান চৌধুরী।

সাংস্কৃতিক সম্পাদক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বন্ধুসভা