প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘একটি ভালো কাজ’-এর অংশ হিসেবে স্কুলশিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ করেছে ঝালকাঠি বন্ধুসভা। ৩ নভেম্বর বেলা ১১টায় ঝালকাঠি সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের নদীভাঙন এলাকার দিয়াকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই কর্মসূচি পালন করা হয়।
এ বিষয়ে ঝালকাঠি বন্ধুসভার সাবেক সাধারণ সম্পাদক প্রশান্ত দাস হরি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে গাছ লাগানোর বিকল্প নেই। তবে শুধু গাছ লাগালেই হবে না, নিয়মিত পরিচর্যার মাধ্যমে সেগুলো বাঁচিয়ে রাখাও জরুরি।
দিয়াকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই গাছ লাগানো ও পরিবেশ রক্ষায় উৎসাহিত করতে হবে। ঝালকাঠি বন্ধুসভার এই উদ্যোগ সে ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সভাপতি শাকিল রনি বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে বিশ্বজুড়ে তাপমাত্রা বৃদ্ধি ও পরিবেশের ভারসাম্যহীনতা বাড়ছে। এর প্রভাব থেকে মানুষ ও পরিবেশকে রক্ষা করতে বেশি করে বৃক্ষরোপণ ও গাছের পরিচর্যার বিকল্প নেই। বিশেষ করে তরুণ প্রজন্মকে পরিবেশ সংরক্ষণে সম্পৃক্ত করার মাধ্যমে একটি সবুজ ও বাসযোগ্য সমাজ গড়ে তোলা সম্ভব।
এ সময় উপস্থিত ছিলেন ঝালকাঠি বন্ধুসভার সাধারণ সম্পাদক রাহাত মাঝি, সাংগঠনিক সম্পাদক রোহান বিন নাসির, সমাজসেবক মঞ্জুরুল ইসলাম মঞ্জু, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক ইসরাত আন্না, দুর্যোগ ও ত্রাণ সম্পাদক শাহীন আলম, বন্ধু সাকিব খান, চম্পা খানম, পরশসহ বিদ্যালয়ের শিক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।
সভাপতি, ঝালকাঠি বন্ধুসভা