প্রায় জনশূন্য পৃথিবীর এক প্রান্তে ছোট্ট সুখের নীড় বানিয়েছিল মৈনাক। সঙ্গে সহধর্মিণী শারমিন। আর আছে পুরোনো মডেলের রোবট চঞ্চল। ওদের ঘর আলোকিত করে এল এক রাজকুমারী, রাজন্যা। পুরো পৃথিবীতে নেই কোনো শিক্ষাপ্রতিষ্ঠান। নেই কোনো জ্ঞানচর্চার স্থান। মৈনাক মেয়েকে শেখানোর দায়িত্ব নিল। নিজের অর্জিত সব জ্ঞান উজাড় করে শেখাতে চাইল মেয়েকে। ঠিক তখনই যুদ্ধে চলে যেতে হলো ওকে। রাজন্যা কি পারবে প্রিয় বাবাকে ছেড়ে থাকতে? মৈনাক কি পারবে একমাত্র সন্তানের কাছে ফিরতে?
এই প্রশ্নের উত্তর পেতে হলে পড়তে হবে সাহিত্যিক বিশ্বজিৎ দাসের সায়েন্স ফিকশন ‘রাজন্যা’। অমর একুশে বইমেলা ২০২৬–এ বইটি পাওয়া যাচ্ছে সময় প্রকাশনীর স্টলে।
২ মার্চ অমর একুশে বইমেলা প্রাঙ্গণ থেকে প্রথম আলো বন্ধুসভার বিশেষ লাইভ ‘বন্ধুর বই’ অনুষ্ঠানের তৃতীয় মৌসুমের পঞ্চম পর্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বজিৎ দাস। বিশ্বখ্যাত মুঠোফোন ব্র্যান্ড অনারের সৌজন্যে এই পর্বের সঞ্চালক হিসেবে ছিলেন ঢাকা মহানগর বন্ধুসভার ম্যাগাজিন সম্পাদক বর্ণিক বৈশ্য।
দিনাজপুর বন্ধুসভার প্রতিষ্ঠাকালীন সভাপতি ছিলেন বিশ্বজিৎ দাস। প্রতিবছরই বইমেলায় তাঁর বই প্রকাশিত হয়। ‘বন্ধুর বই’ লাইভে যুক্ত হয়ে তিনি নিজের লেখক হিসেবে পথচলায় বন্ধুসভার অবদানের কথা তুলে ধরেন। বিশ্বজিৎ দাস বলেন, ‘বন্ধুসভার সদস্যরা ধর্ম, রাজনীতি এগুলোর বাইরে এসে মানুষের সেবায় কাজ করে। মানুষের বই পড়া উচিত, বইয়ের প্রচার–প্রসার বেশি বেশি হওয়া উচিত। এ বিষয়ে বন্ধুদের মধ্যে স্বতঃস্ফূর্ততা আছে। এই স্বতঃস্ফূর্ততা আমাকে মুগ্ধ করে। আমার অনেক বই তাঁদের উৎসর্গ করেছি।’
গত ২৬ ফেব্রুয়ারি শুরু হয়েছে অমর একুশে বইমেলা ২০২৬। বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যানে আগামী ১৫ মার্চ পর্যন্ত এ মেলা চলবে। একই দিনে শুরু হয় অনারের সৌজন্যে অমর একুশে বইমেলা প্রাঙ্গণ থেকে প্রথম আলো বন্ধুসভার বিশেষ লাইভ ‘বন্ধুর বই’ অনুষ্ঠানের তৃতীয় মৌসুম।
বন্ধুসভার যে বন্ধুর বই প্রকাশিত হয়েছে, হচ্ছে বা হবে, তাঁদের বই সম্পর্কে আলোচনা ও প্রচারণার লক্ষ্যে বন্ধুসভার ফেসবুক পেজ থেকে মেলা চলাকালে প্রতিদিন সংশ্লিষ্ট বন্ধুকে নিয়ে লাইভ অনুষ্ঠান হচ্ছে। এ ছাড়া বন্ধুসভার ওয়েবসাইটে মাসব্যাপী প্রতিটি বইয়ের রিভিউ ও সংবাদ প্রকাশ করা হবে।
বন্ধুদের লেখালেখি ও বই প্রকাশকে উৎসাহিত করার জন্যই বন্ধুসভার এ আয়োজন। তাই অনতিবিলম্বে সারা দেশের যে বন্ধুদের বই প্রকাশিত হয়েছে বা হচ্ছে, তার তথ্য পাঠানোর পাশাপাশি বই নিয়ে সংবাদ বা পর্যালোচনা আহ্বান করা হচ্ছে।
সংবাদ বা পর্যালোচনা পাঠান: [email protected]
বইয়ের সব তথ্য দিয়ে লিংকে ক্লিক করে গুগল ফরমটিও পূরণ করুন।