স্কুলশিক্ষার্থীদের নিয়ে সিরাজগঞ্জ বন্ধুসভার ফল উৎসব
স্কুলশিক্ষার্থীদের নিয়ে ফল উৎসব করেছে সিরাজগঞ্জ বন্ধুসভা। ১৫ জুলাই সদর উপজেলার মোহাম্মাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই উৎসব অনুষ্ঠিত হয়। দেশীয় ও মৌসুমি ফলের সঙ্গে শিশুদের পরিচয় করিয়ে দেওয়া, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তোলা এবং বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এ আয়োজন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা আপেল মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী রঞ্জিত কুমার সরকার। এ ছাড়া উপস্থিত ছিলেন মোহাম্মাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাঈদা খাতুন, সহকারী শিক্ষক নাজমা ইয়াসমীন ও সিরাজগঞ্জ বন্ধুসভার উপদেষ্টা প্রদীপ সাহা।
উৎসবে আম, কাঁঠাল, ড্রাগন ফল, লটকন, মাল্টা, আনারস, খেজুর, কাঠলিচু, কলা, আমড়া, আপেল, জাম্বুরা, পেঁপে, পেয়ারা, জামরুলসহ নানা ধরনের দেশীয় ও বিদেশি ফল প্রদর্শন করা হয়। পরে অংশগ্রহণকারীরা ফলগুলোর পরিচিতি সম্পর্কে জানেন এবং সম্মিলিতভাবে ফল আস্বাদন করেন।
প্রধান অতিথি আপেল মাহমুদ বলেন, ‘শিশুদের বইয়ের পড়াশোনার পাশাপাশি প্রকৃতি, পুষ্টি ও পরিবেশ সম্পর্কে সচেতন করে গড়ে তুলতে হবে। ফল উৎসবের মতো আয়োজন তাদের দেশীয় ফল সম্পর্কে জানার সুযোগ করে দেয় এবং স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।’
সিরাজগঞ্জ বন্ধুসভার সাধারণ সম্পাদক হাসান বলেন, ‘আজকের ফল উৎসবে প্রদর্শিত অনেক ফলই আমাদের আশপাশের গাছ থেকে সংগ্রহ করা হয়েছে। একটি গাছ শুধু ফলই দেয় না, মানুষের বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় অক্সিজেন সরবরাহ করে, পরিবেশের ভারসাম্য রক্ষা করে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়তে সহায়তা করে। তাই প্রত্যেকের উচিত অন্তত একটি করে গাছ রোপণ করা এবং তার যত্ন নেওয়া।’
অনুষ্ঠানে মোহাম্মাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২০২৫ সালের সরকারি বৃত্তি পরীক্ষায় সাধারণ গ্রেডে বৃত্তি পাওয়া দুই শিক্ষার্থী—নুশরাত জান্নাত নাফিয়া ও মাহিয়া মেহজাবিন অর্থির হাতে প্রথম আলো বন্ধুসভা সিরাজগঞ্জের পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক তুলে দেওয়া হয়। তাদের এই সাফল্যে উপস্থিত সবাই অভিনন্দন ও শুভকামনা জানান।
অনুষ্ঠানের শেষে শিশুদের মধ্যে ফল খাওয়ার অভ্যাস গড়ে তোলা, দেশীয় ফলের প্রতি আগ্রহ বৃদ্ধি এবং পরিবেশ রক্ষায় বেশি বেশি বৃক্ষরোপণের আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ বন্ধুসভার সাধারণ সম্পাদক হাসান, সাংগঠনিক সম্পাদক রাসেল শেখ, অর্থ সম্পাদক নাঈম ইসলাম, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি সম্পাদক তৌফিক আহমেদ, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক ওলী উল্লাহ, সহসভাপতি আবু সালে মুসা, ম্যাগাজিন সম্পাদক বিপ্লব হাসান এবং বন্ধু মনজুর আলমসহ বন্ধুসভার অন্য সদস্যরা।