শিক্ষার্থীদের হাতে সবুজের অঙ্গীকার

যশোর বন্ধুসভার বৃক্ষরোপণ কর্মসূচিছবি: বন্ধুসভা

পরিবেশসচেতনতা বৃদ্ধি ও সবুজায়নের লক্ষ্যে যশোরে দুটি শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের মধ্যে চারা বিতরণ করেছে যশোর বন্ধুসভা। জেলা হর্টিকালচার সেন্টারের সহযোগিতায় ২৭ জুলাই সখিনা বালিকা মাধ্যমিক বিদ্যালয় এবং যশোর শিক্ষা বোর্ড স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে এ কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচির আওতায় শিক্ষাপ্রতিষ্ঠান দুটির প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলদ ও বনজ গাছের চারা রোপণ করা হয়। পাশাপাশি ৩০০ শিক্ষার্থীর মধ্যে গাছের চারা বিতরণ করেন বন্ধুরা। বিতরণ কার্যক্রম পরিচালনা করেন যশোর বন্ধুসভার দপ্তর সম্পাদক নুরুন্নবী হৃদয়।

যশোর বন্ধুসভার বৃক্ষরোপণ কর্মসূচি।

স্বাগত বক্তব্যে প্রথম আলোর যশোর প্রতিনিধি মনিরুল ইসলাম বলেন, ‘সারা বাংলাদেশে সবুজ বনায়নের লক্ষ্যে প্রথম আলো বন্ধুসভা বৃক্ষরোপণ ও বিতরণ করছে। তারই অংশ হিসেবে আমরা হর্টিকালচারের সহযোগিতায় যশোরে এই কর্মসূচি বাস্তবায়ন করছি।’

হর্টিকালচার সেন্টার যশোরের উপপরিচালক দীপঙ্কর দাস বলেন, ‘জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বৃক্ষরোপণের বিকল্প নেই। শিক্ষার্থীদের এখন থেকেই গাছ লাগানোর বিষয়ে উদ্বুদ্ধ করতে হবে।’ তিনি শিক্ষার্থীদের গাছের সঠিক পরিচর্যা ও রক্ষণাবেক্ষণের নিয়মাবলিও শিখিয়ে দেন।

গাছের চারা রোপণ
ছবি: বন্ধুসভা
যশোর বন্ধুসভার বৃক্ষরোপণ কর্মসূচি।

বিনা মূল্যে গাছের চারা পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে শিক্ষার্থীরা। তারা নিজ নিজ বাড়িতে চারা রোপণ ও নিয়মিত যত্ন নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করে। এ সময় উপস্থিত ছিলেন সখিনা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রওশন আরা ছবি, যশোর সরকারি শিক্ষা বোর্ড স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর শেখ মো. আবদুল হান্নান, হর্টিকালচার সেন্টারের উপসহকারী ও উদ্যান কর্মকর্তা শাহিনুর রহমান, দীপঙ্কর কুমার নাথসহ দুই প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা।

বন্ধুসভার পক্ষে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক রাইয়াদ ফেরদৌস, সহসভাপতি মোয়াজ্জেম হোসেন ও মনিরা খাতুন, অর্থ সম্পাদক রিফাত আহমেদ, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক ইমন হাসান, বন্ধু ইসরাত জাহান, সাদিয়া তাবাসসুম, তানজিল ইসলাম, নাহিদ হাসান, সাকিবুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসেন দোদুল, সিদ্দিকুর রহমান প্রমুখ।

সাধারণ সম্পাদক, যশোর বন্ধুসভা