কথাসাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস ‘পথের পাঁচালী’ নিয়ে পাঠচক্রের আসর করে ড্যাফোডিল বন্ধুসভা। ৪ সেপ্টেম্বর রাতে ভার্চ্যুয়াল প্ল্যাটফর্ম গুগল মিটে এই পাঠচক্র অনুষ্ঠিত হয়।
পাঠাগার ও পাঠচক্র সম্পাদক জেবা আনিকার সঞ্চালনায় শুরুতে উপস্থিত বন্ধুদের পরিচয়পর্ব অনুষ্ঠিত হয়। এরপর সঞ্চালক উপন্যাসটির পটভূমি, মূল কাহিনি, চরিত্র, ঘটনাপ্রবাহ, পারিবারিক সম্পর্ক, শৈশব, দারিদ্র্য এবং প্রকৃতির সঙ্গে মানুষের আত্মিক সম্পর্কের নানা দিক তুলে ধরেন।
উপন্যাসটির কাহিনি ও চরিত্র নিয়ে আলোচনায় উঠে আসে নিশ্চিন্দিপুর গ্রামের রায় পরিবারের নানা টানাপোড়েনের কথা। হরিহর রায়, সর্বজয়া, দুর্গা, অপু ও ইন্দির ঠাকরুনের জীবনসংগ্রাম, পারিবারিক সম্পর্ক এবং অভাবের মধ্যেও ছোট ছোট আনন্দের মুহূর্ত নিয়ে কথা বলেন অংশগ্রহণকারীরা। একই সঙ্গে গ্রামীণ জীবনের বাস্তবতা ও প্রকৃতির সঙ্গে মানুষের গভীর সম্পর্কও আলোচনায় গুরুত্ব পায়।
সভাপতি মুসাভভির সাকির বলেন, ‘বইপড়া শুধু জ্ঞান অর্জনের মাধ্যম নয়, এটি মানুষের চিন্তা ও অনুভূতির জগৎকে সমৃদ্ধ করে। “পথের পাঁচালী”র মতো একটি মানবিক উপন্যাস নিয়ে সম্মিলিতভাবে আলোচনা আমাদের পাঠ-অনুভূতিকে আরও গভীর করে। ভবিষ্যতেও এমন পাঠচক্রের মাধ্যমে বন্ধুদের মধ্যে বইপড়ার অভ্যাস ও সাহিত্যচর্চা আরও বিস্তৃত হবে বলে আমরা প্রত্যাশা করি।’
পাঠচক্রে আরও যুক্ত ছিলেন সাবেক সভাপতি নাজমুল হাসান, সাধারণ সম্পাদক অনীক ভূষণ সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা মাহফুজ, অর্থ সম্পাদক রিজভী আমিন, দপ্তর সম্পাদক আবিদুর রহমান, প্রচার সম্পাদক কাফিল হোসেন, সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ ত্বোয়া হা, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক মুহাম্মদ নাঈম, কার্যনির্বাহী সদস্য মাহিয়া তাবাসসুম, শাফি মাহমুদ, আব্দুর রহিমসহ অসংখ্য নবীন বন্ধু ও বইপ্রেমীরা।
পাঠাগার ও পাঠচক্র সম্পাদক, ড্যাফোডিল বন্ধুসভা