জীবনের শেষ সময় পর্যন্ত পেশাদারির সঙ্গে কাজ করে গেছেন এম সাদেক
‘ব্যক্তিগত জীবনে খুব বেশি সচ্ছলতা ছিল না এম সাদেকের। তবে গা ভাসিয়ে না দিয়ে তিনি সব সময় স্রোতের বিপরীতে হেঁটেছেন। ছিলেন একজন নির্লোভ মানুষ। যার কারণে মৃত্যুর পরও কুমিল্লার মানুষ তাঁকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে।’
প্রথম আলো কুমিল্লার প্রয়াত জ্যেষ্ঠ ফটোসাংবাদিক এম সাদেকের স্মরণে দোয়া ও ইফতার মাহফিলে আমন্ত্রিত অতিথিরা এ কথাগুলো বলেন। ৪ মার্চ বিকেলে কুমিল্লা নগরের কান্দিরপাড় নজরুল অ্যাভিনিউ এলাকায় অবস্থিত প্রথম আলো কুমিল্লা অফিসে এই দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এটির আয়োজন করে কুমিল্লা বন্ধুসভা।
দোয়া পরিচালনা করেন কান্দিরপাড় জামে মসজিদের ইমাম মাওলানা ইব্রাহিম। ইফতার মাহফিলে কুমিল্লা বন্ধুসভার বন্ধুরাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, ‘পেশাগত ও ব্যক্তিজীবনে এম সাদেক একজন ব্যক্তিত্বসম্পন্ন মানুষ ছিলেন। এম সাদেক আমাদের মাঝে নেই, তবে তিনি তাঁর কর্মের মাধ্যমে আমাদের মাঝে বেঁচে থাকবেন। এম সাদেক লোভ–লালসার ঊর্ধ্বে থেকে সেভাবে ফটোসাংবাদিকতা করেছেন, বর্তমান সময়ে সেটা বিরল। তিনি শুধু ভালো ছবিই তুলতেন না, একজন ভালো মানুষও ছিলেন। জীবনের শেষ সময় পর্যন্ত পেশাদারির সঙ্গে কাজ করে গেছেন। ব্যক্তিজীবনে এম সাদেক একজন সৎ মানুষ ছিলেন। তিনি পারিবারিক জীবন অনেক কষ্ট আর সংগ্রামের মধ্য দিয়ে পার করছেন, কিন্তু কখনোই নিজেকে অসৎ পথে ধাবিত করেননি।’
বক্তব্য দেন কুমিল্লা বন্ধুসভার উপদেষ্টা শাহ মোহাম্মদ আলমগীর খান, দিলনাশি মোহসেন, সাংবাদিক সমিতি কুমিল্লার সাধারণ সম্পাদক শাহাজাদা এমরান, কুমিল্লা প্রেসক্লাবের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাদিক মামুন, কুমিল্লা এভারকেয়ার স্পেশালাইজড হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক বোরহান উদ্দিন, প্রথম আলোর কুমিল্লা প্রতিনিধি আবদুর রহমান, সাংবাদিক মোহাম্মদ আতিকুর রহমান, প্রথম আলো কুমিল্লার আঞ্চলিক ব্যবস্থাপক মাসুদ রানা, বন্ধুসভার জ্যেষ্ঠ বন্ধু ও ব্যাংকার এ বি এম মোস্তাফিজুর রহমান প্রমুখ।
কুমিল্লা বন্ধুসভার সভাপতি প্রশান্ত কর্মকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হানিফ মোসাব্বিরের সঞ্চালনায় এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কুমিল্লা বন্ধুসভার উপদেষ্টা অধ্যক্ষ মহিউদ্দিন লিটন, সাংবাদিক আবু জাফর মোহাম্মদ সালেহ, কুমিল্লা বন্ধুসভার সহসভাপতি শামসুজ্জোহা মৃদুল, যুগ্ম সাধারণ সম্পাদক মাহির বিন আইউব, সাংগঠনিক সম্পাদক বশির আহম্মেদ, সহসাংগঠনিক সম্পাদক সুরাইয়া খানম, অর্থ সম্পাদক চন্দন চন্দ্র দাস, প্রচার সম্পাদক আহসান হোসেন, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক তাসনীম মীম, সাংস্কৃতিক সম্পাদক জেনিবা খন্দকার, ম্যাগাজিন সম্পাদক ইয়াছিন আরাফাত, বন্ধু নাসিফ উদ্দিন, ফাহমিদ হাসান, ইয়াছিন আরাফাত, খালিদ হাসান প্রমুখ।
প্রসঙ্গত, হার্ট অ্যাটাকে গত বছরের ১৭ ফেব্রুয়ারি দুপুরে কুমিল্লা নগরের বেসরকারি একটি হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) লাইফ সাপোর্টে থাকা অবস্থায় শেষনিশ্বাস ত্যাগ করেন প্রথম আলোর কুমিল্লা অফিসের ফটোসাংবাদিক এম সাদেক। ওই দিন বেলা সোয়া ১১টার দিকে পেশাগত দায়িত্ব পালনের সময় কুমিল্লা শহরতলির গোমতী নদীর পাড়ে চানপুর এলাকায় এম সাদেক হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তিনি এক ছেলে, স্ত্রী, পুত্রবধূ, নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী-শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।