‘ঈদের দিনে ভালো খাওনের চিন্তা এহন আর নাই’

জামালপুরে বন্ধুসভার উদ্যোগে শিশুরা পেল ঈদের নতুন জামাছবি: বন্ধুসভা

ঈদুল ফিতরের আনন্দ সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে সুবিধাবঞ্চিত শিশুদের নতুন পোশাক ও তাদের পরিবারের জন্য ঈদের খাদ্যসামগ্রী উপহার দিয়েছে জামালপুর বন্ধুসভা। ১৩ মার্চ সকাল ১০টায় রশিদপুরের ইজ্জাতুন্নেছা উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে এগুলো বিতরণ করা হয়। পরে শহরের বিসিক আমতলা, সরদারপাড়া, পশ্চিম নয়াপাড়া ও পাঁচরাস্তার মোড় এলাকার মানুষের হাতে উপহার তুলে দেন বন্ধুরা।

জাতীয় পরিচালনা পর্ষদের আহ্বানে ‘সহমর্মিতার ঈদ’ কর্মসূচির অংশ হিসেবে এ কার্যক্রম বাস্তবায়ন করেন জামালপুর বন্ধুসভার বন্ধুরা। শিশুদের জন্য রঙিন নতুন পোশাক ছাড়াও প্রতিটি পরিবারের জন্য খাদ্যসামগ্রীর প্যাকেটে ছিল পোলাওয়ের চাল, ডাল, সয়াবিন তেল, সেমাই, চিনি, নুডলস, পেঁয়াজ, আলু ও গুঁড়ো দুধ।

জামালপুরে বন্ধুসভার সহমর্মিতার ঈদ
ছবি: বন্ধুসভা

নতুন জামা হাতে পেয়ে শিশুদের হাসিতে অনুষ্ঠানস্থলে এক অন্য রকম আবহ তৈরি হয়। ছয় বছর বয়সী বিশেষচাহিদাসম্পন্ন শিশু সিম্মির মা আবেগাপ্লুত হয়ে বলেন, ‘আমার বাচ্চাটার জন্য নতুন জামা পাইছি, ও খুব খুশি হইছে। আমরা তো সব সময় নতুন জামা কিনতে পারি না। ঈদের আগে এইটা পেয়ে খুব ভালো লাগতেছে।’

একই চিত্র দেখা যায় ৬০ বছর বয়সী খোদেজা বেগমের ক্ষেত্রেও। দুই পায়ে ক্র্যাচে ভর দিয়ে উপহার নিতে আসা আমেনা বেগম চাল-ডালের প্যাকেট হাতে পেয়ে তৃপ্তির হাসিতে বলেন, ‘ঈদের আগে এই চাইল-ডাইল পাইয়া আমাগোর মেলা উপকার হইল। ঈদের দিনে ভালো খাওনের চিন্তা এহন আর নাই। যারা আমাগোর পাশে দাঁড়াইছে, আল্লায় তাগোর ভালা করুক।’

প্রথম আলোর জামালপুর প্রতিনিধি আবদুল আজিজ বলেন, ‘রমজানের প্রকৃত শিক্ষা হলো মানুষের পাশে দাঁড়ানো। সমাজের সবাই যদি নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসে, অনেক মানুষের মুখে হাসি ফোটানো সম্ভব। আমরা সেই আনন্দটাই সবার সঙ্গে ভাগ করে নেওয়ার চেষ্টা করছি।’

জামালপুরে বন্ধুসভার সহমর্মিতার ঈদ
ছবি: বন্ধুসভা

জামালপুর বন্ধুসভার উপদেষ্টা নাজমুল হাসান জানান, এই মানবিক বন্ধনই সমাজের শক্তি। সুবিধাবঞ্চিতদের মুখে হাসি ফোটানোই বন্ধুসভার সার্থকতা এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

উপহার বিতরণকালে উপস্থিত ছিলেন জামালপুর বন্ধুসভার সভাপতি অন্তরা চৌধুরী, সহসভাপতি আসাদুজ্জামান অপূর্ব, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম খান, যুগ্ম সাধারণ সম্পাদক আমির হামজা, সাংগঠনিক সম্পাদক রাসেল মিয়া, সহসাংগঠনিক সম্পাদক বাকি বিল্লাহ্, অর্থ সম্পাদক সাদিয়া সিদ্দিকা, দপ্তর সম্পাদক নাহিদুল হাসান, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক নুসরাত শৈলী, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক জোবাইর আহম্মদ, মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক হৃদয়, ম্যাগাজিন সম্পাদক সিয়াম আহম্মেদ, বন্ধু মাসুদ, সুপ্তি, জোবায়দাসহ আরও অনেকে।

জামালপুর বন্ধুসভার বন্ধুরা পর্যায়ক্রমে জেলার অন্যান্য এলাকাতেও এই উপহার পৌঁছে দেবে এবং চাঁদরাত পর্যন্ত এই মানবিক কর্মসূচি চলমান থাকবে।

উপদেষ্টা, জামালপুর বন্ধুসভা