চট্টগ্রাম বন্ধুসভার উপদেষ্টা জয়শ্রী দাশ মাদ্রাসার কোমলমতি শিক্ষার্থী ও উপস্থিত সবার উদ্দেশে বলেন, ‘তোমাদের সুশৃঙ্খলতা দেখে আমি মুগ্ধ। যার সঙ্গে ভালো, তার সঙ্গে প্রথম আলো—এই স্লোগান ধারণ করে আমরা প্রতিবছর দাতব্য কাজের অংশ হিসেবে ফলাহার উৎসবের মাধ্যমে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে বাহারি ফলের স্বাদ নেওয়ার আনন্দ ভাগাভাগি করে নিই।’
১৯ জুন বিকেলে চট্টগ্রাম বন্ধুসভার বন্ধুরা ছুটে যান নগরীর উত্তর হালিশহরে তাহেরিয়া ছাবেরিয়া মঞ্জুয়ারা সুন্নিয়া মাদ্রাসায়। এর আগে সকাল ১১টায় বন্ধুরা একত্র হয় চট্টগ্রামের ফলমন্ডিতে, উদ্দেশ্য মৌসুমি ফল ক্রয় করা। কেনাকাটা শেষে জুমার নামাজ ও মধ্যাহ্নভোজের পর্ব সম্পন্ন করে মাদ্রাসায় পৌঁছান বন্ধুরা। সেখানে প্রায় ৭০ এতিম শিক্ষার্থী ও স্থানীয় অসচ্ছল মানুষের মধ্যে গ্রীষ্মের বাহারি ফল বিতরণ করা হয়। ছিল আম, জাম, কাঁঠাল, আনারস, জামরুলসহ মোট ৭ ধরনের ফল।
বন্ধুসভার উপদেষ্টা ইঞ্জিনিয়ার ইশতিয়াক উর রহমান শিক্ষার্থীদের উদ্দেশে মানুষের মতো মানুষ হওয়ার এবং বড় হয়ে দেশ ও দেশের মানুষের সেবাই নিজেদের নিয়োজিত করার তাগিদ দেন।
তাহেরিয়া ছাবেরিয়া মঞ্জুয়ারা সুন্নিয়া মাদ্রাসার দাতা জাহাঙ্গীর আলম বলেন, মাদ্রাসাটি একটি সম্পূর্ণ অলাভজনক ও সেবামূলক একটি প্রতিষ্ঠান। বর্তমানে শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতা ও অর্থায়নে এর কার্যক্রম পরিচালিত হচ্ছে।
প্রতিষ্ঠানটির জ্যেষ্ঠ সহসভাপতি আবুল হাশেম বলেন, ‘প্রথম আলোর পাতা খুললেই মাঝে মধ্যে বন্ধুসভার কার্যক্রম দেখতে পাই। ভবিষ্যতেও এমন মানবিক আয়োজন নিয়ে বন্ধুসভা আমাদের পাশে থাকবে বলে আশা করি।’
সাধারণ সম্পাদক পারভেজ মিয়াজী চট্টগ্রাম বন্ধুসভার এমন মানবিক ও ভিন্নধর্মী আয়োজনের জন্য সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
চট্টগ্রাম বন্ধুসভার সভাপতি রুমিলা বড়ুয়া বলেন, ‘আমরা এখানে এসেছি বন্ধু হয়ে বন্ধুদের উপহার দিতে। প্রতিটি উপহারের সঙ্গে জড়িয়ে থাকে ভালোবাসা, মায়া ও মমতা। এই মায়া–মমতা আমরা একে অপরের মাঝে বিলিয়ে দেব।’ তিনি শিক্ষার্থীদের সুশৃঙ্খল আচরণ ও মার্জিত পোশাকেরও প্রশংসা করেন।
উৎসবের সমন্বয়কারী হিসেবে ছিলেন চট্টগ্রাম বন্ধুসভার সহসভাপতি নুরুজ্জামান খান, অর্থ সম্পাদক ফয়সাল হাওলাদার এবং সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক ইরফাতুর রহমান, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক কামরান চৌধুরী, দুর্যোগ ও ত্রাণ সম্পাদক তোফাজ্জল হোসেন, কার্যনির্বাহী সদস্য মারুফ উল হক ও বন্ধু নিলয় ঘোষ।
সহসভাপতি, চট্টগ্রাম বন্ধুসভা