প্রথম আলো শুধু সংবাদপত্র হিসেবে নয়, বরং সামাজিক উন্নয়নে ভূমিকা রাখার মাধ্যম হিসেবেও পরিচিত। প্রতিষ্ঠানটি প্রতিবছর শিক্ষা, সংস্কৃতি, স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে থাকে।
৮ নভেম্বর গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে এ কথা বলেন বক্তারা। ‘জেগেছে বাংলাদেশ’ স্লোগানে এটির আয়োজন করে বশেমুরবিপ্রবি বন্ধুসভা।
জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। পরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মো. আবুল হোসেন। তিনি উপস্থিত শিক্ষার্থী ও বন্ধুসভার বন্ধুদের মধ্যে মুক্তিযুদ্ধের বীরত্বপূর্ণ কাহিনি তুলে ধরেন। পাশাপাশি মুক্তিযুদ্ধের চেতনায় বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লড়াইয়ে প্রথম আলোর পথচলাকে সাধুবাদ জানান।
স্বাগত বক্তব্যে প্রথম আলোর গোপালগঞ্জ প্রতিনিধি নূতন শেখ বলেন, ‘পাঠক, সাংবাদিক ও দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে সম্পর্ককে আরও সুদৃঢ় করার চেষ্টা করে প্রথম আলো। বিভিন্ন সামাজিক দায়বদ্ধতার কর্মসূচি, যেমন শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ সুরক্ষা এবং মানবিক সহায়তা প্রদানেও উদ্যোগ নেয়।’
আলোচনা পর্ব শেষে সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন বন্ধুসভার বন্ধুরা। সঞ্চালনা করেন বন্ধু নিশাত লুবনা ও শাহজালাল মণ্ডল। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সহসভাপতি সিনথিয়া সুমি, সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ, যুগ্ম সাধারণ সম্পাদক সালমান সারওয়ার, প্রচার সম্পাদক শামীম আহামেদ, দপ্তর সম্পাদক শাফায়েতউল্লাহ, জেন্ডার ও সমতাবিষয়ক সম্পাদক হোসনে আরা খাতুন ও অর্থ সম্পাদক শম্পা খানম।
বন্ধু, বশেমুরবিপ্রবি বন্ধুসভা