বেগম রোকেয়ার বিখ্যাত গল্প ‘সুলতানা’স ড্রিম’ নিয়ে পাঠচক্র
নারীর স্বপ্ন, অধিকার ও সম্ভাবনা নিয়ে আলোচনা করতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে পাঠচক্রের আসর করেছে বরিশাল বিশ্ববিদ্যালয় বন্ধুসভা। ৮ মার্চ বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল মাঠে অনুষ্ঠিত এই পাঠচক্রের বিষয় ছিল বেগম রোকেয়ার বিখ্যাত গল্প ‘সুলতানা’স ড্রিম’।
এই গল্পে কল্পনার এক সমাজে নারীর নেতৃত্ব ও অগ্রগতির ছবি তুলে ধরা হয়েছে। অর্থ সম্পাদক ফারজানা আক্তারের সঞ্চালনায় শুরুতেই সবাইকে নারী দিবসের শুভেচ্ছা জানানো হয়।
বন্ধু সাইফ উদ্দিন বলেন, গল্পে লেখক উল্টো সমাজ কল্পনা করেছেন, যাতে মানুষ বুঝতে পারে, নারীদের প্রতি বৈষম্য কতটা অযৌক্তিক। এর মাধ্যমে তিনি সমাজকে নতুনভাবে চিন্তা করতে উৎসাহ দিয়েছেন।
বন্ধু জাহিদ হাসান বলেন, ‘আজও অনেক জায়গায় নারীরা সমান সুযোগ পান না। তাই এই গল্প আমাদের মনে করিয়ে দেয় যে নারী ও পুরুষের সমান অধিকার নিশ্চিত করা জরুরি।’
এ সময় বন্ধু মোহসিনা রহমান ও ফারজানা আক্তারের মধ্যে চলে গল্প বিশ্লেষণের এক মধুর তান। বর্তমান সময়ের পটভূমি উল্লেখ করে বন্ধু হাসান করিম বলেন, নারী নিজেরাও নিজ অধিকার নিয়ে সচেতন নন। বাংলাদেশের অর্ধেক নারী জানেনই না তাঁদের জন্য সংবিধানে কী কী অধিকার সংরক্ষিত রয়েছে। তিনি নারীদের সচেতন হওয়ার আহ্বান জানান।
সমাপনী বক্তব্য দেন সভাপতি জাহিদ হাসান। এ সময় আরও উপস্থিত ছিলেন সাবেক সভাপতি অনু রায়, বন্ধু মাহিন ফয়সাল, আবু তালহা, নুসরাত জাহান, কাউসার আহমেদ প্রমুখ।
পাঠাগার ও পাঠচক্র সম্পাদক, বরিশাল বিশ্ববিদ্যালয় বন্ধুসভা