তাদের পরিবারে ঈদের আনন্দ ছড়িয়ে দিলেন বন্ধুরা

বরিশাল বিশ্ববিদ্যালয় বন্ধুসভার সহমর্মিতার ঈদছবি: বন্ধুসভা

ছেলেটির নাম মাহিম। বরিশাল নগরীর কর্ণকাঠি এলাকার এক ভাঙাচোরা ঘরে মা ও ছোট বোনকে নিয়ে বসবাস। বাবা দীর্ঘদিন ধরে অসুস্থ; সংসারের হাল ধরেছেন মা, মানুষের বাসায় কাজ করে। মাহিমের মা জানায়, ছেলে তার বায়না ধরেছে এবার ঈদে কিন্তু তাদের দুই ভাই–বোনের জন্য নতুন জামা চাই-ই চাই।

অন্যদিকে তানহার বাবা নেই। অভাবের সংসারে মুখ ফুটে কিছু আবদার করে না। তানহার মা বলেন, ‘মেয়ে আমার মুখ ফুটে কিছু বলে না। কিন্তু ঈদ যত ঘনিয়ে আসে আমার তত দুশ্চিন্তা বাড়তে থাকে, কী করে মেয়েকে ঈদের নতুন জামা কিনে দেব আর কী করে ঈদের দিন মুখে ভালো খাবার তুলে দেব।’

মাহিম ও তানহার মতো এমন অনেকের মুখে হাসি ফোটাতে ‘সহমর্মিতার ঈদ’ কর্মসূচি করেছে বরিশাল বিশ্ববিদ্যালয় বন্ধুসভা। ২ মার্চ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এটি অনুষ্ঠিত হয়। কর্মসূচির অংশ হিসেবে শিশুদের হাতে তুলে দেওয়া হয় নতুন জামা, আর তাদের পরিবারের জন্য দেওয়া হয় চাল, ডাল, তেল, সেমাইসহ ঈদের প্রয়োজনীয় খাদ্যসামগ্রী।

এ বিষয়ে বরিশাল বিশ্ববিদ্যালয় বন্ধুসভার উপদেষ্টা খোরশেদ আলম বলেন, ‘বন্ধুসভার সহমর্মিতার এই আয়োজন প্রমাণ করে অল্প কিছু ভালোবাসা, সামান্য সহযোগিতা আর আন্তরিক উদ্যোগই পারে একটি পরিবারের ঈদকে বদলে দিতে। বন্ধুসভা আবারও দেখাল, মানবিকতার আলো ছড়িয়ে দিলে আনন্দ সবার মধ্যেই ছড়িয়ে পড়ে।’

বরিশাল বিশ্ববিদ্যালয় বন্ধুসভার সহমর্মিতার ঈদ।

উপদেষ্টা আলমগীর হোসেন শিপন বলেন, ‘একটা সুন্দর পৃথিবী রচনার জন্য একে অপরের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়াই মহোত্তম পথ।’

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সহযোগী অধ্যাপক হেনা রানী বিশ্বাস। বন্ধুদের মধ্যে উপস্থিত ছিলেন সভাপতি জাহিদ হাসান, সাধারণ সম্পাদক মোহসিনা রহমানসহ অন্য বন্ধুরা।

সাংগঠনিক সম্পাদক, বরিশাল বিশ্ববিদ্যালয় বন্ধুসভা