মুক্তিযুদ্ধের স্মৃতিতে আবেগাপ্লুত বীর প্রতীক, অনুপ্রাণিত শিক্ষার্থীরা

লালমনিরহাটে ‘বন্ধুসভা মুক্তিযুদ্ধ অলিম্পিয়াড ২০২৬’ অনুষ্ঠানে বক্তব্য দেন বীর প্রতীক ক্যাপ্টেন (অব.) আজিজুল হক
ছবি: বন্ধুসভা

বাবার বড় ছেলে হওয়ার পরও ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ চলাকালে পিতার মৃত্যু হলে তাঁর দাফনে উপস্থিত হতে পারেননি বীর প্রতীক ক্যাপ্টেন (অব.) আজিজুল হক। দেশ মাতৃভূমির টানে যুদ্ধের ময়দানে থেকে যান। লালমনিরহাটে ‘বন্ধুসভা মুক্তিযুদ্ধ অলিম্পিয়াড ২০২৬’ অনুষ্ঠানে সেই স্মৃতি স্মরণ করার সময় বাক্‌রুদ্ধ হয়ে পড়েন তিনি। বীর প্রতীক ক্যাপ্টেন (অব.) আজিজুল হক বলেন, ‘দেশ স্বাধীন হওয়ায় সেই দুঃখ কিছুটা হলেও ভুলতে পেরেছি।’

৩০ মার্চ বেলা সাড়ে ১১টায় লালমনিরহাট সরকারি বালিকা উচ্চবিদ্যালয় মিলনায়তনে এই অলিম্পিয়াডের আয়োজন করে লালমনিরহাট বন্ধুসভা। ১৯৭১ সালে তিনি কীভাবে পাকিস্তানি হানাদার বাহিনীর একাধিক সদস্যকে জীবনের ঝুঁকি নিয়ে অস্ত্রসহ জীবিত আটক করেছিলেন, সেই তথ্য শিক্ষার্থীদের সামনে উপস্থাপন করেন।

মুক্তিযুদ্ধের ইতিহাসভিত্তিক কুইজ প্রতিযোগিতা
ছবি: বন্ধুসভা

‘মুক্তিযুদ্ধের আলোয় জাগ্রত তারুণ্য’ স্লোগান অনুষ্ঠানে লালমনিরহাট বন্ধুসভার সভাপতি ফারাহ্‌ নাজ নাহারের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর প্রতিনিধি ও বন্ধুসভার উপদেষ্টা আবদুর রব সুজন। সহসভাপতি ইফতেখারুল ইসলামের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন লালমনিরহাট সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক রুখসানা পারভীন এবং লালমনিরহাট থেকে প্রকাশিত ‘শহীদের না বলা কথা’ স্মরণিকার সম্পাদক সুপেন্দ্র নাথ দত্ত।

অলিম্পিয়াডে মুক্তিযুদ্ধবিষয়ক ৩০টি বহুনির্বাচনী প্রশ্নে অনুষ্ঠিত হয় কুইজ প্রতিযোগিতা। এতে জেলা শহরের পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানের ৮১ জন শিক্ষার্থী অংশ নেয়। প্রতিযোগিতায় সর্বোচ্চ নম্বর পাওয়া পাঁচজন শিক্ষার্থীকে বিজয়ী ঘোষণা করা হয়। প্রথম হয়েছে লালমনিরহাট বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজের তানজিন আহমেদ, দ্বিতীয় একই প্রতিষ্ঠানের রাঈসা বিনতে রফিক, তৃতীয় লালমনিরহাট সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের উম্মে হাবীবা, চতুর্থ একই প্রতিষ্ঠানের আলফি জামান জারা এবং পঞ্চম হয়েছে একই প্রতিষ্ঠানের মোহছেনা বেগম।

বিজয়ী শিক্ষার্থীদের সঙ্গে অতিথিরা
ছবি: বন্ধুসভা

পুরস্কার হিসেবে তাদের হাতে মুক্তিযুদ্ধবিষয়ক বই তুলে দেন অতিথিরা। অনুষ্ঠানে বন্ধুসভার বন্ধুদের মধ্যে উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক রণি কোরাইশি ও ইসমাইল হোসেন, অর্থ সম্পাদক আখি আক্তার ও সাংস্কৃতিক সম্পাদক নিমা রানী পাল।

সভাপতি, লালমনিরহাট বন্ধুসভা