মে দিবস শ্রমের মর্যাদা, ঐক্য ও মানবিক মূল্যবোধের শিক্ষা দেয়

পাঠচক্র শেষে গাজীপুর বন্ধুসভার বন্ধুরাছবি: বন্ধুসভা

মহান মে দিবসের তাৎপর্য, শ্রমজীবী মানুষের অধিকার, শ্রমের মর্যাদা ও মানবিক মূল্যবোধ নিয়ে সংক্ষিপ্ত আলোচনা সভা ও পাঠচক্রের আসর করেছে গাজীপুর বন্ধুসভা। পয়লা মে বিকেলে প্রথম আলো গাজীপুর অফিসের বন্ধুসভার কক্ষে এটি অনুষ্ঠিত হয়।

পাঠচক্রের বিষয় ছিল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী উপন্যাস ‘শেষের কবিতা’। সঞ্চালনা করেন বইমেলা সম্পাদক হিরু মিয়া। আলোচনায় বক্তারা বলেন, ‘শেষের কবিতা’ ব্যক্তিত্ব, আত্মসম্মান, মানবিক অনুভূতি ও আধুনিক চিন্তার এক গভীর সাহিত্যিক প্রকাশ। অমিত ও লাবণ্যের সম্পর্কের মধ্য দিয়ে রবীন্দ্রনাথ প্রেমের সৌন্দর্য, আত্মিক গভীরতা ও সম্পর্কের সূক্ষ্ম দিকগুলো অত্যন্ত শিল্পিতভাবে তুলে ধরেছেন।

সাধারণ সম্পাদক আরিফ হোসেন বলেন, ‘মে দিবস আমাদের শ্রমের মর্যাদা, ঐক্য ও মানবিক মূল্যবোধের শিক্ষা দেয়। অন্যদিকে সাহিত্য মানুষের মনন ও চিন্তার জগৎকে আলোকিত করে। আজ এই আয়োজন শ্রমের চেতনা ও সাহিত্যচর্চার এক সুন্দর সমন্বয় ঘটিয়েছে।’

গাজীপুর বন্ধুসভার পাঠচক্রের আসর।

পাঠাগার ও পাঠচক্র সম্পাদক জাহাঙ্গীর আলম বলেন, ‘রবীন্দ্রনাথের লেখা শুধু প্রেমের আবেগ নয়, জীবনের গভীর দর্শনও প্রকাশ করে। “শেষের কবিতা” পাঠের মাধ্যমে আমরা সম্পর্ক, আত্মসম্মান ও মানসিক পরিপক্বতার নতুন দৃষ্টিভঙ্গি খুঁজে পাই।’

বন্ধু স্মৃতি আক্তার বলেন, ‘বন্ধুসভার এমন আয়োজন আমাদের সাংস্কৃতিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নিয়মিত পাঠচক্র তরুণসমাজকে ইতিবাচক ও সৃজনশীল চিন্তার দিকে এগিয়ে নিতে সহায়তা করবে।’

এ সময় আরও উপস্থিত ছিলেন দপ্তর সম্পাদক মারফুয়া সিয়াম, প্রচার সম্পাদক টুটুল সিকদার, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি সম্পাদক ইসমাইল হোসেন, ম্যাগাজিন সম্পাদক বিজয় মিয়া, কার্যনির্বাহী সদস্য ইয়াকিনুর ইসলাম ভূঁইয়া। পাঠচক্র শেষে সাংগঠনিক বিভিন্ন বিষয়, ভবিষ্যৎ পরিকল্পনা ও বন্ধুসভার কার্যক্রমকে আরও সক্রিয় ও গতিশীল করার বিষয়ে আলোচনায় অংশ নেন বন্ধুরা।

সাধারণ সম্পাদক, গাজীপুর বন্ধুসভা