৫ কোটি টাকার বেশি বিনিয়োগ প্রাপ্তির সুযোগ

রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে আইডিয়াথন বাংলাদেশ ২০২৬-এর কিক অফ ইভেন্ট।

সাতসকালে একঝাঁক তরুণ-তরুণীর মেলা। একেকজনের লক্ষ্য একেক রকম। তবে কেউ জানে না কীভাবে, কোথা থেকে শুরু করবেন। অনেকে এটাও জানেন না, আসলে কী করতে চান! উদ্যোক্তা হওয়ার স্বপ্ন নিয়ে জড়ো হওয়া এই তরুণেরা সবাই ঢাকার বিভিন্ন সরকারি–বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। ৫ সেপ্টেম্বর এসেছিলেন রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে। মার্কশেপার্স-এর উদ্যোগ ও প্রথম আলো বন্ধুসভার সহযোগিতায় শুরু হতে যাওয়া বিজনেস আইডিয়া প্রতিযোগিতা ‘আইডিয়াথন বাংলাদেশ’–এর কিক অফ ইভেন্টে অংশ নিতে।

আলোচক হিসেবে ছিলেন বন্ধুসভা জাতীয় পর্ষদের সহসভাপতি ও বাংলাদেশ ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক রুবাইয়াত সাইমুম চৌধুরী এবং জাতীয় পর্ষদের প্রশিক্ষণ সম্পাদক ও টেন মিনিট স্কুলের প্রোগ্রাম লিড ফারহান সাকিব। তাঁরা কথা বলেন কীভাবে আইডিয়ার জন্য সমস্যা খুঁজে বের করতে হবে, সেটার সমাধান কী, কীভাবে আয় হবে, বিনিয়োগকারীরা কেন বিনিয়োগ করবেন— এসব বিষয় নিয়ে। পাশাপাশি বিনিয়োগকারীর সামনে সেই আইডিয়া বা সমস্যা কীভাবে তুলে ধরতে হবে, সেটারও বিস্তারিত ধারণা দেন।

আয়োজন সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন মার্কশেপার্স-এর সিইও সাকিবুল ইসলাম সাফিন।

শুভেচ্ছা বক্তব্যে প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক আনিসুল হক বলেন, ‘বন্ধুসভা নতুন উদ্যোক্তা তৈরিতে কাজ করছে দেখে ভালো লাগছে।’

প্রথম আলোর চিফ ডিজিটাল বিজনেস অফিসার জাভেদ সুলতান বলেন, বিনিয়োগকারীদের সামনে উদ্যোগের উপস্থাপন করতে হবে সমস্যা নিয়ে। কোন সমস্যা নিয়ে কাজ করছেন, সমাধান কীভাবে করবেন, এটার ভ্যালু কেমন এবং ব্যবসা কেমন— এগুলো বিশ্লেষণ করতে হবে।

আয়োজন সম্পর্কে মার্কশেপার্স-এর সিইও সাকিবুল ইসলাম সাফিন জানান, প্রতিযোগিতা তিনটি রাউন্ডে অনুষ্ঠিত হবে। প্রথম রাউন্ডে আইডিয়া নেওয়া হবে। ইন্ডাস্ট্রি বিশেষজ্ঞদের যাচাই–বাছাইয়ের মাধ্যমে সেরা ৬০টি আইডিয়া দ্বিতীয় রাউন্ডে উন্নীত হবে। এই রাউন্ডে যুক্ত থাকবেন দেশের বৃহৎ ব্যবসায়িক উদ্যোক্তারা। নির্বাচিত ২০টি আইডিয়া জায়গা পাবে তৃতীয় রাউন্ডে। প্রথম দুটি রাউন্ড অনুষ্ঠিত হবে অনলাইনে।

তৃতীয় রাউন্ড অনুষ্ঠিত হবে সরাসরি যেখানে উপস্থিত থাকবেন বিনোয়াগকারীরা। তাঁরা শুনবেন উদ্যোক্তাদের বিভিন্ন আইডিয়া। চূড়ান্ত বিজয়ীরা জিতে নিতে পারবেন ৫ কোটি টাকার বেশি বিনিয়োগ। সেপ্টেম্বর মাসজুড়ে চলবে নিবন্ধন। অক্টোবর ও নভেম্বরে মূল প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের একাংশ।

নতুন উদ্যোক্তা খুঁজে বের করার লক্ষ্যে এই উদ্যোগে মার্কশেপার্সের সঙ্গে যুক্ত হওয়া বলে জানান বন্ধুসভা জাতীয় পর্ষদের সভাপতি জাফর সাদিক। তিনি বলেন, ‘আমরা চাই বন্ধুসভার বন্ধুরা স্বেচ্ছাসেবা কার্যক্রমের পাশাপাশি নিজেদের ক্যারিয়ার গঠনে যাতে ভালো সুযোগ পায়। এ ছাড়া সারা দেশের হাজারো সম্ভাবনাময় তরুণকে বিনিয়োগকারীদের সঙ্গে যোগসূত্র তৈরি করে তাদের ব্যবসার প্রসার ঘটানোও আমাদের অন্যতম লক্ষ্য।’

শুভেচ্ছা বক্তব্যে জাতীয় পর্ষদের সাধারণ সম্পাদক সাইমুম মৌসুমী বৃষ্টি জানান, এই প্রতিযোগিতা সম্পর্কে জানাতে এবং উদ্যোক্তা ও বিনিয়োগকারীদের মেলবন্ধনের সুযোগ তৈরি করে দিতে সারা দেশের বিভিন্ন ক্যাম্পাসে অ্যাম্বাসেডর নিয়োগ দেবে বন্ধুসভা। এ বিষয়ে বিস্তারিত তথ্য শিগগিরই বন্ধুসভার ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হবে।