রাজশাহী বিশ্ববিদ্যালয় বন্ধুসভার উদ্যোগে ২৫ জুলাই বিকেলে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে পাঠচক্রের আসর অনুষ্ঠিত হয়েছে। পাঠচক্রে আলোচনা করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ও লেখক আসিফ নজরুলের লেখা ‘মানবাধিকার’ বইটি নিয়ে।
বইটিতে উল্লেখিত মানবাধিকারের মৌলিক ধারণা, মানুষের জন্মগত ও অবিচ্ছেদ্য অধিকার, সমাজ ও রাষ্ট্রে মানবাধিকার লঙ্ঘনের বিভিন্ন দিক, পাশাপাশি এসব লঙ্ঘনের প্রতিকার ও সচেতনতার গুরুত্ব নিয়ে মতবিনিময় করেন বন্ধুরা। তাঁরা বইটির বিভিন্ন অধ্যায়ের সারসংক্ষেপ উপস্থাপন করেন এবং মানবাধিকার প্রতিষ্ঠায় ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের দায়িত্ব সম্পর্কে নিজেদের উপলব্ধি তুলে ধরেন।
বন্ধু নাফিস আরাফাত বলেন, মানবাধিকার প্রত্যেক মানুষের জন্মগত ও অবশ্যপ্রাপ্য অধিকার। বইটিতে সমাজে মানবাধিকার লঙ্ঘনের নানা বাস্তব চিত্র তুলে ধরা হয়েছে এবং তা প্রতিরোধের বিভিন্ন উপায় আলোচনা করা হয়।
পাঠাগার ও পাঠচক্র সম্পাদক মুয়াজ্জিন হোসাইন বলেন, মানবাধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং ন্যায়ভিত্তিক সমাজ গঠনে এ ধরনের পাঠচক্র গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
পাঠচক্রে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় বন্ধুসভার সভাপতি সুইটি রাণী, সাধারণ সম্পাদক বাঁধন রায়, যুগ্ম সাধারণ সম্পাদক শ্রাবন্তী সরকার, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক মুয়াজ্জিন হোসাইন ও বন্ধু নাফিস আরাফাত।
সভাপতি, রাবি বন্ধুসভা