শরতের স্নিগ্ধতায় গান–কবিতা আর বন্ধুত্বের এক সন্ধ্যা

রাজশাহী বন্ধুসভার গান ও কবিতার আসরছবি: বন্ধুসভা

শরৎকে বরণ করে নিতে রাজশাহী বন্ধুসভা আয়োজন করেছে এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক সন্ধ্যা। সম্প্রতি মহানগরের রানীনগরে অবস্থিত প্রথম আলোর ট্রাস্ট পরিচালিত স্কুল প্রাঙ্গণে এটি অনুষ্ঠিত হয়।

বৃষ্টিস্নাত সন্ধ্যায় প্রকৃতির স্নিগ্ধতার সঙ্গে যোগ হয় গান, কবিতা, আবৃত্তি আর নির্মল আনন্দের আবহ। শুধু বন্ধুসভার বন্ধুরাই নন, আয়োজনের সৌন্দর্যে মুগ্ধ হয়ে স্থানীয় বাসিন্দারাও স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। এলাকাবাসীর আন্তরিক উপস্থিতি অনুষ্ঠানটিকে করে তোলে আরও প্রাণবন্ত।

স্থানীয় বাসিন্দা শেফালি বেগম বলেন, ‘আমি গান ভালোবেসেই তোমাদের সঙ্গে যুক্ত হয়েছি।’ তাঁর কথায় যেন আয়োজনের মূল সুরটিই ধরা পড়ে।

রাজশাহী বন্ধুসভার গান ও কবিতার আসর।

বন্ধু প্রীতির দারুণ উপস্থাপনা ও আবৃত্তির মধ্য দিয়ে শুরু হয় মূল আয়োজন। একে একে বন্ধুসভার বন্ধুরা পরিবেশন করেন গান ও আবৃত্তি। বন্ধু সজল, ফাহিম, শিমুল, মাহিম এবং সভাপতি সোহান রেজার গানে মুখর হয়ে ওঠে পুরো পরিবেশ। বৃষ্টির শব্দ ছাপিয়ে ছড়িয়ে পড়ে সুরের মূর্ছনা।

কথামালা পর্বে উপদেষ্টা আবুল কালাম মুহম্মদ আজাদ বলেন, ‘এমন আয়োজন আমাদের স্মৃতিবিজড়িত করে তোলে। অসংখ্য স্মৃতির সমন্বয়ে গড়ে ওঠা এই জীবনকে সুন্দর সব স্মৃতিই সমৃদ্ধ করে।’ তিনি সংস্কৃতিচর্চার মাধ্যমে বন্ধুত্ব, মানবিকতা ও সুন্দর স্মৃতি তৈরির এই ধারাকে এগিয়ে নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।

রাজশাহী বন্ধুসভার গান ও কবিতার আসর।

সভাপতি, রাজশাহী বন্ধুসভা