এতিম শিক্ষার্থীদের নিয়ে হাবিপ্রবি বন্ধুসভার ইফতার
পবিত্র রমজান মাসের সহমর্মিতা, ত্যাগ ও মানবিকতার বার্তা ছড়িয়ে দিতে এতিম শিক্ষার্থীদের জন্য ইফতারির আয়োজন করেছে হাবিপ্রবি বন্ধুসভা। ২৪ ফেব্রুয়ারি হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস–সংলগ্ন উত্তর সাদেকপুর শাহী মাদ্রাসায় এটি অনুষ্ঠিত হয়।
রোজার মহিমা ও বরকত এতিম শিক্ষার্থীদের সঙ্গে ভাগাভাগি করে নিতে নিজস্ব অর্থায়নে এ আয়োজন করে হাবিপ্রবি বন্ধুসভা। প্রত্যেক বন্ধু একজন করে শিক্ষার্থীর ইফতারির দায়িত্ব নেন। বন্ধুরা নিজ হাতে ইফতারি পরিবেশন করেন, শিক্ষার্থীদের সঙ্গে সময় কাটান, তাদের খোঁজখবর নেন, রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা এবং তাদের মুখে হাসি ফোটাতে চেষ্টা করেন।
বন্ধুদের আন্তরিকতায় খুশি সুবিধাবঞ্চিত এই শিক্ষার্থীরা। অনুভূতি জানিয়ে শিশু রাকিব বলে, ‘আজ আমাদের সঙ্গে অনেক ভাই-বোন এসেছে, সবাই মিলে ইফতার করব। আমার খুব ভালো লাগছে।’
আরেক শিশু সাইফুল বলে, ‘সবাই যখন একসঙ্গে ইফতার করছিলাম, মনে হচ্ছিল বাড়িতে চলে আসছি।’
বন্ধুসভাকে ধন্যবাদ জানিয়ে উত্তর সাদেকপুর শাহী মাদ্রাসার শিক্ষক মাওলানা রশিদুল ইসলাম বলেন, ‘এই বাচ্চাগুলোর মুখে হাসি ফোটানোই আসল মানবতা। বন্ধুসভার এই আয়োজন বাচ্চাদের মুখে হাসি ফুটিয়েছে।’
এ বিষয়ে হাবিপ্রবি বন্ধুসভার সভাপতি আশিকুর রহমান বলেন, ‘পবিত্র রমজানের মহিমা ও বরকতের বার্তা যেন সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের কাছেও পৌঁছে যায়, সেই উদ্দেশ্য নিয়েই এই আয়োজন। বন্ধুদের আন্তরিক সহযোগিতা, পরিশ্রম ও একাত্মতার ফলেই আমরা সফলভাবে এই আয়োজন সম্পন্ন করতে পেরেছি।’
সাধারণ সম্পাদক সাজিয়া শারমিন বলেন, ‘আজকের এই আয়োজন আমাদের মানবিক দায়বদ্ধতার প্রকাশ। শিশুদের সঙ্গে ইফতারি ভাগাভাগি করতে পেরে আমরা আনন্দিত। আয়োজন সফল করতে সহযোগিতা করায় সংগঠনের সব সদস্য ও স্বেচ্ছাসেবকদের আন্তরিক ধন্যবাদ।’
কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন বন্ধু বেলালুর রহমান, রুশাদ বিন আনোয়ার, সাজ্জাতুজ জুম্মা, রাশিদ আনজুম, মেহেদী হাসান, আফসারা তাসনিম, চৌধুরী তাহলিল, আফরিনা ইসলাম, সাদিয়া আফরিন, প্রিন্স আহমেদ, ফারহান রহমান, রুদ্রনীল চাকমা, তাহজীব হাসান, রিশাদ মুনতাসির, আল শাহরিয়ার জিসান, রাফিউজ্জামান রিফাত, বিপ্লব হোসেন, মনোয়ার মোর্শেদ, ফাহমিদ তানজিম, সিরাজুম মুনিরা, সারোয়ার আলম, সাইয়্যেদুল ইসলাম সরকার, কাজী আলাভী আবসারী, উম্মে হাবিবা, নবনিতা নোশিন, অভ্রদীপ দেওয়ান, ফাবিহা বুশরা, রেজুয়ান ইসলাম, খাদিজা নাসরিন, মো. তৌহিদুজ্জামান, মোসলেম উদ্দিন, মুন আহমেদ, রাশেদ মুজাহিদ, ফাহমিদ, আবু সাঈদ সরকার, সাব্বির আহম্মেদ, রিফা তাসনিয়া, লুবনা ফারহানা, নাজমুস সাইফ, মোহাম্মদ শাদমান ভূঁইয়া, রাশেদ কামাল, সালমান শাহ, সারোয়ার আলম, শারমিন আক্তার, সাদিকুর রহমান, মুহতাসিম খান, অনিক কুমার বর্মনসহ অন্য বন্ধুরা।