‘স্বাধীনতার মর্যাদা রক্ষা করা এখন তোমাদের দায়িত্ব’

সাভারে ‘বন্ধুসভা মুক্তিযুদ্ধ অলিম্পিয়াড-২০২৬’–এ বিজয়ী শিক্ষার্থীদের সঙ্গে অতিথিরাছবি: বন্ধুসভা

‘আমরা যুদ্ধ করেছি একটি স্বাধীন দেশের জন্য, যেখানে তোমরা মাথা উঁচু করে বাঁচবে। এই স্বাধীনতার মর্যাদা রক্ষা করা এখন তোমাদের দায়িত্ব’ সাভারে ‘বন্ধুসভা মুক্তিযুদ্ধ অলিম্পিয়াড ২০২৬’ অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন বীর মুক্তিযোদ্ধা আ ক ম সিরাজুল ইসলাম।

‘মুক্তিযুদ্ধের আলোয় জাগ্রত তারুণ্য’ স্লোগানে ৩০ মার্চ দুপুরে সাভারের গেরুয়া মডেল স্কুল অ্যান্ড কলেজে এ অলিম্পিয়াডের আয়োজন করে সাভার বন্ধুসভা। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৬০ শিক্ষার্থী অংশ নেয়।

প্রথম আলোর সাভার প্রতিনিধি শামসুজ্জামান শামস বলেন, সত্য ইতিহাস জানা এবং তা ধারণ করাই সচেতন নাগরিকের প্রথম দায়িত্ব। এ ধরনের আয়োজন তরুণদের সঠিক পথে পরিচালিত করে।

সাভার বন্ধুসভার উপদেষ্টা ফরহাদ হাসান বলেন, যে জাতি তার শহীদদের সম্মান করতে জানে, সেই জাতি এগিয়ে যায়। আজকের এই আয়োজন সেই সম্মান প্রদর্শনের একটি সুন্দর উদাহরণ।

সভাপতি জয়নুল আবেদীন বলেন, ‘মুক্তিযুদ্ধ শুধু ইতিহাস নয়, এটি আমাদের আত্মপরিচয়ের মূল ভিত্তি। নতুন প্রজন্মকে এ ইতিহাস জানাতে পারলে তারা দেশকে ভালোবাসতে শিখবে এবং দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠবে।’

সাধারণ সম্পাদক তানজিল তাবাচ্ছুম বলেন, ‘এ আয়োজন আমাদের দায়িত্ববোধের প্রতিফলন। শিক্ষার্থীদের উৎসাহ আমাদের ভবিষ্যতে আরও বড় পরিসরে কাজ করতে অনুপ্রাণিত করবে।’

এর আগে অনুষ্ঠিত হয় মুক্তিযুদ্ধবিষয়ক ৩০টি বহুনির্বাচনী প্রশ্নের ওপর কুইজ প্রতিযোগিতা। এতে প্রথম হয়েছেন ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের আয়শা সানিহা, দ্বিতীয় ইসলামিয়া কামিল মাদ্রাসার মোহাম্মদ জাকারিয়া, তৃতীয় গেরুয়া মডেল স্কুল অ্যান্ড কলেজের আহনাফ হাবিব, চতুর্থ সরকারি দেবেন্দ্র কলেজের নুসরাত জাহান এবং পঞ্চম হয়েছে গেরুয়া মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী আরজিনা আক্তার। বিজয়ীদের মুক্তিযুদ্ধবিষয়ক বই উপহার দেওয়া হয়।

অনুষ্ঠানে বন্ধুদের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপদেষ্টা মোস্তাফিজ আহমেদ, সহসভাপতি দিবাকর বিনতে আলম, যুগ্ম সাধারণ সম্পাদক প্রিয়ম ঘোষ, অর্থ সম্পাদক অনক রায়, পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক আবদুল্লাহ আল ইমরান, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক তানজিল আহম্মেদ, দুর্যোগ ও ত্রাণ সম্পাদক আশফাক আহমেদ।