শিশু ও নারীর নিরাপত্তা নিশ্চিতকরণ এবং ধর্ষক-নিপীড়কের দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পঞ্চগড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে জেলা শহরের চৌরঙ্গী মোড়ে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধনের আয়োজন করেছে পঞ্চগড় বন্ধুসভা। মানববন্ধনে পঞ্চগড়ের সম্মিলিত স্বেচ্ছাসেবী ফোরামসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য দেন বন্ধুসভার উপদেষ্টা ও পঞ্চগড় বিষ্ণু প্রসাদ (বিপি) সরকারি উচ্চবিদ্যালয়ের শিক্ষক হাসান মো. আরিফ, বন্ধুসভার উপদেষ্টা ও আইনজীবী মনসুর আলী, পঞ্চগড় জেলা জজ আদালতের সাবেক জিপি আবদুল বারী, প্রথম আলোর পঞ্চগড় প্রতিনিধি রাজিউর রহমান, পঞ্চগড় বন্ধুসভার সভাপতি আরিফুজ্জামান, বাংলাদেশ পরিবেশ আন্দোলন পঞ্চগড় আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম, পঞ্চগড় প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ইনসান সাগরেদ, স্থানীয় অভিভাবক নাইমা আক্তার, পঞ্চগড়ের সম্মিলিত স্বেচ্ছাসেবী ফোরামের সদস্য মানিক উদ্দিন, ফাতেমা তুজ জোহরা, মো. সানাউল্লাহ প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, ‘সারা দেশে একের পর এক শিশু ও নারী ধর্ষণের শিকার হচ্ছেন। এমনকি তাঁরা হত্যাকাণ্ডেরও শিকার হচ্ছেন, যা জাতি হিসেবে আমাদের জন্য অত্যন্ত দুর্ভাগ্যের। সম্প্রতি ঢাকার পল্লবীতে যে শিশুটি নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছে, সেই ঘটনা বেশির ভাগ অভিভাবকের রাতের ঘুম কেড়ে নিয়েছে। এমন নির্মম হত্যাকাণ্ড আমরা আর দেখতে চাই না। আমরা সারা দেশের শিশু-নারীসহ সব মানুষের জীবনের নিরাপত্তা চাই। শিশু হত্যাকাণ্ডগুলোর দ্রুত বিচারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই। যেন সেই শাস্তি দেখে এমন ঘটনার পুনরাবৃত্তি ঘটানোর কেউ চেষ্টা না করে।’
বক্তারা আরও বলেন, ‘আমরা দেখেছি, ঢাকার পল্লবীতে হত্যাকাণ্ডের শিকার শিশুটির বাড়িতে গিয়ে আমাদের প্রধানমন্ত্রী বিচারের আশ্বাস দিয়েছেন। এর জন্য তাঁকে সাধুবাদ জানাই। পাশাপাশি রাষ্ট্রের সব নারী ও শিশুর নিরাপত্তা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর প্রতি জোর দাবি জানাই।’