বাঙালিই বিশ্বের একমাত্র জাতি, যারা মাতৃভাষার মর্যাদা রক্ষায় রাজপথে বুকের রক্ত ঢেলে দিয়েছে। ১৯৪৮ সালের ২৪ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে যখন পাকিস্তানের তৎকালীন গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্নাহ ঘোষণা করেন—‘উর্দু এবং একমাত্র উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা’, তখনই উপস্থিত ছাত্ররা ‘নো, নো’ (না, না) ধ্বনিতে প্রতিবাদ জানান। সেই প্রতিবাদের স্ফুলিঙ্গ ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি এক ঐতিহাসিক মহাবিস্ফোরণে রূপ নেয়।
বায়ান্নর সেই রক্তস্নাত অধ্যায় আজ বিশ্বজুড়ে স্বীকৃত। ১৯৯৯ সালের ১৭ নভেম্বর ইউনেস্কো ২১ ফেব্রুয়ারিকে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ হিসেবে ঘোষণা করার পর থেকে প্রতিবছর বিশ্বব্যাপী দিনটি পালিত হচ্ছে। ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে ও তরুণ প্রজন্মের মাঝে ভাষা আন্দোলনের ইতিহাস ছড়িয়ে দিতে নানা কর্মসূচি পালন করেছে চট্টগ্রাম বন্ধুসভা।
ভাষার মাসের গুরুত্ব তুলে ধরতে চট্টগ্রাম বন্ধুসভা আয়োজন করে বিশেষ কুইজ প্রতিযোগিতা ‘আমার একুশ, অমর একুশ’। ভাষা আন্দোলন ও বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাসের পাশাপাশি এ–সংশ্লিষ্ট পরবর্তী বৈশ্বিক এবং ঐতিহাসিক অর্জনের ওপর ভিত্তি করে সাজানো হয় ১৫টি প্রশ্ন। ২১ ফেব্রুয়ারি বেলা ৩টায় ভার্চ্যুয়ালি অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে দেড় শতাধিক বন্ধু অংশগ্রহণ করেন। কুইজে সময় ছিল ১০ মিনিট। মেধা ও যোগ্যতার প্রমাণ দিয়ে নির্ধারিত সময়ের মধ্যে সঠিক উত্তর দিয়ে সেরা ১০ জন বন্ধু বিজয়ীর মুকুট অর্জন করেন।
এ বিষয়ে চট্টগ্রাম বন্ধুসভার সাধারণ সম্পাদক ইরফাতুর রহমান বলেন, ‘আমরা কুইজের মাধ্যমে জাতীয় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছি। এই কুইজের আয়োজন আমরা শুধু শহীদ দিবসের মধ্যে সীমাবদ্ধ রাখতে চাই না। ভবিষ্যতে আরও নানা বিষয়ে কুইজের আয়োজন করা হবে।’
প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করা হয় ২৪ ফেব্রুয়ারি। যেখানে প্রথম স্থান অধিকার করেন গেহরিন নাসরিন, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেন যথাক্রমে মারুফ উল হক ও প্রণয় চন্দ্র বর্মণ। সেরা দশের অন্য বিজয়ীরা যথাক্রমে—কামরান চৌধুরী, তাসনিয়া তাবাচ্ছুম, জিহাদুল ইসলাম, আবু রায়হান, রিয়াদ উদ্দিন, শামীম খান ও তাহফিমুল আলম।
বিজয়ী ১০ জন বন্ধুর জন্য পুরস্কার হিসেবে ছিল মোট ৯৫০ টাকার মোবাইল রিচার্জ। আয়োজনের সমন্বয়কারী হিসেবে ছিলেন প্রচার সম্পাদক সাকিব জিশান, মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক আফিফ ইব্রাহিম ও যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন।
যুগ্ম সাধারণ সম্পাদক, চট্টগ্রাম বন্ধুসভা