বসন্ত বরণে নোবিপ্রবি বন্ধুসভার ভিন্নধর্মী আয়োজন
সাহিত্যচর্চা, সংস্কৃতি ও বন্ধুত্বের বন্ধনকে আরও দৃঢ় করতে ঋতুরাজ বসন্তের আগমন উপলক্ষে বিশেষ পাঠচক্রের আসর করেছে নোবিপ্রবি বন্ধুসভা। পাশাপাশি ছিল তেঁতুল–বরইভর্তা উৎসব। ১৪ ফেব্রুয়ারি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হয় ভিন্নধর্মী এ আয়োজন।
‘বসন্ত বরণ ১৪৩২’ শিরোনামে শুরুতেই অনুষ্ঠিত হয় চলতি বছরের পঞ্চম পাঠচক্র। আলোচনা করা হয় হুমায়ূন আহমেদ রচিত রোদন ভরা বসন্ত উপন্যাসটি। গল্পের আবেগ, বসন্তের অনুভব এবং সাহিত্যচর্চার মেলবন্ধনে তৈরি হয় এক গভীর ও হৃদয়স্পর্শী পরিবেশ।
আলোচনায় উঠে আসে প্রেম, বিরহ ও মানবিক সম্পর্কের সূক্ষ্ম টানাপোড়েন। উপন্যাসজুড়ে নীরব বিষাদের যে আবহ বিরাজমান, তা চরিত্রগুলোর অন্তর্গত একাকিত্ব, দ্বন্দ্ব ও আকাঙ্ক্ষাকে বাস্তবভাবে তুলে ধরে। এখানে প্রেম কেবল রোমান্টিক অনুভূতি নয়; বরং দায়িত্ব, ত্যাগ ও মায়ার এক গভীর মানবিক প্রকাশ। বসন্তের প্রতীকী উপস্থিতি নতুন সূচনার ইঙ্গিত দিলেও তার ভেতরে লুকিয়ে থাকা অপূর্ণতার রোদন পুরো কাহিনিকে দিয়েছে অনন্য আবেগঘন মাত্রা।
পাঠচক্র শেষে শৈশবের স্মৃতিকে জীবন্ত করে তুলতে আয়োজন করা হয় তেঁতুল–বরইভর্তা পার্টি। হাসি, গল্প আর টক-মিষ্টি স্বাদের মধ্যে যেন ফিরে পাওয়া যায় ছোটবেলার নির্মল দিনগুলো। সাহিত্য, স্মৃতি ও বন্ধুত্বের উষ্ণতায় পুরো আয়োজনটি হয়ে ওঠে প্রাণবন্ত ও স্মরণীয়।
উপস্থিত ছিলেন নোবিপ্রবি বন্ধুসভার সাধারণ সম্পাদক সানজিদ মুনতাসীর, জেন্ডার ও সমতাবিষয়ক সম্পাদক শারমিন আক্তার, বন্ধু জিসান আহমেদ, প্রশান্ত কুমার সরকার, মোহাম্মদ তুহিন, সায়মন হাসান, ফারিহা হোসেনসহ অন্য বন্ধুরা।
সহসভাপতি, নোবিপ্রবি বন্ধুসভা