‘পুষ্প, বৃক্ষ এবং বিহঙ্গ পুরাণ’ উপন্যাস নিয়ে পাঠচক্র

চট্টগ্রাম বন্ধুসভার পাঠচক্রের আসরছবি: বন্ধুসভা

গাছ, ফুল, ফল ও পাখির প্রতি অকৃত্রিম ভালোবাসা, দার্শনিক চিন্তাভাবনা, জীবনবোধ ও আত্মজীবনীর ছায়া নিয়ে রচিত হয়েছে ‘পুষ্প, বৃক্ষ এবং বিহঙ্গ পুরাণ’ উপন্যাসের পটভূমি। ২৭ জানুয়ারি ‘সিরিজ পাঠচক্র’ শিরোনামে বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ প্রাবন্ধিক, চিন্তাবিদ ও কথাসাহিত্যিক আহমদ ছফার লেখা উপন্যাসটি নিয়ে পাঠচক্রের আসর করেছে চট্টগ্রাম বন্ধুসভা।

আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বন্ধুসভার উপদেষ্টা সঞ্জয় বিশ্বাস। তিনি বইটি সম্পর্কে বিশেষ করে লেখকের বৃক্ষ, পুষ্প, বিহঙ্গের প্রতি অকৃত্রিম ভালোবাসা আর মমত্ববোধ ফুটিয়ে তোলা হয়েছে, তা নিয়ে আলোচনা করেন। যেমন ব্যক্তি হিসেবে লেখকের দর্শন, বিশ্বাস, চিন্তাচেতনা আর বেঁচে থাকার দার্শনিকতা। মানুষ হিসেবে লেখক আহমদ ছফাকে এখানে আবিষ্কার করা খুব কঠিন কিছু নয়। বিশ্বাসের নানা স্তরে বিভ্রান্তি নিয়ে থাকা, কোনো কাজের সঙ্গে দীর্ঘদিন লেগে না থাকা কিংবা নিত্যনতুন উদ্ভট কাজের সঙ্গে নিজেকে জড়িয়ে ফেলাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

বন্ধু তৃষা বড়ুয়া বলেন, উপন্যাসটিতে লেখক গাছ, ফুল ও ফলকে নিজের আপনজনের মতো করে আগলে রেখেছেন। যা আসলেই অদ্ভুত রকমের সুন্দর। নিঃসন্দেহে বলা যায়, প্রকৃতির প্রতি পাঠককে আকৃষ্ট করতে এই বই যথেষ্ট গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

পাঠচক্রের সমন্বয় করেন পাঠাগার ও পাঠচক্র সম্পাদক সুরাইয়া শান্তা, কামরান চৌধুরী, শান্ত বড়ুয়া ও রহিমা আক্তার। পাঠচক্র শেষে উপন্যাসটি নিয়ে একটি কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। বিজয়ী হন বন্ধু মারুফ উল হক।

বন্ধু, চট্টগ্রাম বন্ধুসভা