বই আমাদের ভাবতে শেখায়

নোবিপ্রবি বন্ধুসভার পাঠচক্রের আসরছবি: বন্ধুসভা

কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের রহস্য উপন্যাস ‘মিসির আলি! আপনি কোথায়?’ নিয়ে পাঠচক্রের আসর করেছে নোবিপ্রবি বন্ধুসভা। ২৩ আগস্ট নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) ক্যাম্পাসে এটি অনুষ্ঠিত হয়।

মিসির আলিকে ঘিরে রহস্য, মানুষের মনস্তত্ত্ব, যুক্তি ও অদ্ভুত সব ঘটনার সমন্বয়ে বইটি পাঠকদের শেষ পর্যন্ত কৌতূহলী করে রাখে। মিসির আলির যুক্তিনির্ভর চিন্তাভাবনা ও মনস্তাত্ত্বিক বিশ্লেষণ বইটির অন্যতম আকর্ষণ। বিশেষ করে বাস্তবতা, কল্পনা ও মানুষের অবচেতন মনের জটিল সম্পর্ক গল্পটিকে আরও গভীরতা দিয়েছে।

নোবিপ্রবি বন্ধুসভার পাঠচক্রের আসর।

পাঠচক্রে বইটির কাহিনি, চরিত্র, রহস্য এবং মিসির আলির বিশ্লেষণী ক্ষমতা নিয়ে প্রাণবন্ত আলোচনা হয়। পাঠের পাশাপাশি নিজেদের ভাবনা ও অনুভূতি ভাগ করে নেওয়ার মাধ্যমে পাঠচক্রটি হয়ে ওঠে আরও সুন্দর ও অর্থবহ।

সাধারণ সম্পাদক সানজিদ মুনতাসীর বলেন, ‘বই আমাদের ভাবতে শেখায়, আর পাঠচক্র সেই ভাবনাকে আরও সমৃদ্ধ করে।’

বন্ধু রাকিব হোসেন বলেন, ‘হুমায়ূন আহমেদ আমার প্রিয় লেখক। তাঁর লেখা যুগের পর যুগ ধরে মানুষকে কেন টানে, তা বোঝার জন্য হলেও এই বইটি পড়া উচিত।’

সহসভাপতি, নোবিপ্রবি বন্ধুসভা