ঝিনাইদহের বিখ্যাত ঢোল সমুদ্র পুকুরপাড়ের আমবাগানে ব্যতিক্রমধর্মী এক আয়োজন করেছে ঝিনাইদহ বন্ধুসভা। সাহিত্য আড্ডা ও আমচক্র শিরোনামে এ আয়োজনে আলোচনা করা হয় শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছোটগল্প ‘মহেশ’ নিয়ে।
২১ মে বেলা ১১টায় বন্ধুরা তীব্র রোদ ও গরম উপেক্ষা করে একত্র হন আমবাগানে। শুরুতে অনুষ্ঠিত হয় পাঠচক্র। এরপর সবাই একসঙ্গে আম মেখে খাওয়ার আনন্দে মেতে ওঠেন।
সাবেক সভাপতি বিপাশা আহমেদ বলেন, ‘আজকের এই চমৎকার সাহিত্য আড্ডা এবং আমচক্রের আয়োজন আমাকে মুগ্ধ করেছে। বন্ধুসভার যেকোনো অনুষ্ঠানে আসার অনুভূতি সব সময়ই স্পেশাল। নিজের ঘরের আঙিনায় ফিরে আসার মতো। সাহিত্যের সুগভীর আলোচনা আর আমের মধুর স্বাদ—সব মিলিয়ে আজকের আয়োজনটি ছিল এককথায় অনবদ্য।’
সাহিত্যচর্চা, বন্ধুত্ব ও প্রকৃতির সান্নিধ্যে আয়োজিত এই আমচক্র দিনটিকে করে তোলে আরও আনন্দময়, প্রাণবন্ত ও স্মরণীয়।
বন্ধু, ঝিনাইদহ বন্ধুসভা