তিন হাজার চারা রোপণ ও বিতরণ করল ময়মনসিংহ বন্ধুসভা
জাতীয় পরিচালনা পর্ষদের আহ্বানে সাড়া দিয়ে ‘বৃক্ষ শুধু রোপণ নয়, যত্ন নিয়ে বাঁচাতে হয়’ প্রতিপাদ্যে বৃক্ষ রোপণ করেছে ময়মনসিংহ বন্ধুসভা। তিন ধাপে পরিচালিত এ কর্মসূচির আওতায় এখন পর্যন্ত মোট ৩ হাজার ১০০টি গাছের চারা রোপণ ও বিতরণ করা হয়েছে।
প্রথম ধাপে গত ২৪ জুন ময়মনসিংহ সদরের তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ ও চারা বিতরণ করা হয়। এর মধ্যে মাইজবাড়ি আবদুল খালেক উচ্চবিদ্যালয়ে ৮৫০টি, খাগডহর হোসেন আলী মেমোরিয়াল উচ্চবিদ্যালয়ে ৯৮০টি এবং হাজী উসমান আলী উচ্চবিদ্যালয়ে ৪৭০টি চারা রোপণ ও বিতরণ করা হয়। এ ধাপে মোট ২ হাজার ৩০০টি চারা রোপণ ও বিতরণ করা হয়।
দ্বিতীয় ধাপে গত ১০ ও ১৭ জুলাই সম্মিলিতভাবে ময়মনসিংহ শহরের বিভিন্ন সড়কে ৪৩৫টি গাছের চারা রোপণ করেন বন্ধুসভার সদস্যরা।
তৃতীয় ধাপে ২৫ জুলাই বন্ধুসভার কয়েকজন সদস্য নিজ নিজ এলাকায় পৃথকভাবে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করেন। এ সময় বন্ধু সারোয়ার ৭০টি, খালিদ হাসান সম্রাট ২৫, সভাপতি মেহেদী হাসান ৬৫, রাজীব ১০৫, নাঈম ৪৫ এবং আল ইমরান ৫৫টি চারা রোপণ করেন।
কর্মসূচির জন্য জাতীয় পরিচালনা পর্ষদের সহযোগিতায় ভালুকার ব্র্যাক অফিস থেকে ১ হাজার চারা সংগ্রহ করা হয়। এ ছাড়া বন বিভাগ থেকে স্বল্পমূল্যে এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের নার্সারি থেকে বিভিন্ন প্রজাতির চারা সংগ্রহ করা হয়।
ময়মনসিংহ বন্ধুসভার সভাপতি মেহেদী হাসান জানান, বৃক্ষরোপণ কর্মসূচি এখনো চলমান। সম্মিলিতভাবে আরও উল্লেখযোগ্যসংখ্যক চারা রোপণ ও বিতরণের পরিকল্পনা রয়েছে। তিনি বলেন, শুধু চারা রোপণ নয়, সেগুলোর নিয়মিত পরিচর্যা নিশ্চিত করাও এ কর্মসূচির অন্যতম লক্ষ্য। কর্মসূচি বাস্তবায়নে ময়মনসিংহ বন্ধুসভার সদস্য, উপদেষ্টা ও শুভাকাঙ্ক্ষীরা আর্থিক ও নৈতিক সহযোগিতা প্রদান করেছেন।
উপদেষ্টা, ময়মনসিংহ বন্ধুসভা