বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ‘চলো গাছ চিনি’ শিরোনামে চারাগাছ বিতরণ কর্মসূচি করেছে রংপুর বন্ধুসভা। ৫ মে নগরের শহীদ শংকু সমজদার বিদ্যানিকেতনের কোমলমতি শিশুদের মধ্যে ৩৫ প্রজাতির ২০০টি চারাগাছ বিতরণ ও সেগুলো সম্পর্কে তাদের ধারণা দেওয়া হয়।
গাছের মধ্যে অধিকাংশই ছিল ফলদ ও শোভাবর্ধনকারী গাছ। এ ছাড়া বনজ ও ঔষধি চারার সঙ্গেও শিশুদের পরিচিত করিয়ে দেন বন্ধুরা। প্রতিটি চারার সঙ্গে লাগানো ছিল গাছের নাম। চারাগুলো পরিচিত করিয়ে দেওয়ার সময় এর বৈশিষ্ট্য ও গুণাগুণ সম্পর্কে বিস্তর ধারণা দেন রংপুর বন্ধুসভার সভাপতি রওনক জাহান।
পাশাপাশি শিশুদের কবিতা আবৃত্তি ও গান পরিবেশনায় আয়োজনটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে। চারা হাতে পেয়ে শিশুদের উৎফুল্ল দেখা যায়, তারা উচ্চস্বরে গাছগুলোর নাম উচ্চারণ করে।
বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা ওমর ফারুক বলেন, ‘পরিবেশ দিবসে এমন আয়োজনকে সাধুবাদ জানাই। আমাদের বাচ্চাকালেই গাছের সঙ্গে বন্ধুত্ব তৈরি করা উচিত। পৃথিবী বাসযোগ্য রাখতে বৃক্ষরোপণের বিকল্প নেই।’
সাংগঠনিক সম্পাদক, রংপুর বন্ধুসভা