অংশ নিন বন্ধুসভা মুক্তিযুদ্ধ অলিম্পিয়াডের অনলাইন কুইজে
নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের ইতিহাস, তাৎপর্য ও মূল্যবোধ ছড়িয়ে দিতে প্রথমবারের মতো দেশব্যাপী মুক্তিযুদ্ধ অলিম্পিয়াডের আয়োজন করছে প্রথম আলো বন্ধুসভা। ‘বন্ধুসভা মুক্তিযুদ্ধ অলিম্পিয়াড ২০২৬’ শিরোনামে মার্চ মাসজুড়ে এটি অনুষ্ঠিত হচ্ছে। এর অংশ হিসেবে ২৬ মার্চ, বৃহস্পতিবার অনলাইনে সবার জন্য একটি উন্মুক্ত কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
উন্মুক্ত কুইজ প্রতিযোগিতায় যে কেউ অংশ নিতে পারবেন। অংশ নিতে লিঙ্কে ক্লিক করুন। ‘মুক্তিযুদ্ধের আলোয় জাগ্রত তারুণ্য’ স্লোগানে প্রতিযোগিতায় প্রশ্ন থাকবে মুক্তিযুদ্ধের ইতিহাস থেকে। বিজয়ীদের জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার।
নিয়মাবলি
• অনলাইনে নির্দিষ্ট ফরমে নিবন্ধন করে প্রতিযোগীকে অংশ নিতে হবে।
• নিবন্ধনকারীর সম্পূর্ণ নাম (বাংলা) অবশ্যই জাতীয় পরিচয়পত্র/জন্মসনদের সঙ্গে মিল থাকতে হবে, অন্যথায় বিজয়ী হলেও পুরস্কার বাতিল ঘোষণা করা হবে।
• কুইজের প্রশ্ন থাকবে মুক্তিযুদ্ধের ইতিহাস থেকে।
• প্রতিটি প্রশ্নের জন্য ১ নম্বর বরাদ্দ থাকবে।
• সবচেয়ে বেশি উত্তরদাতাদের লটারির মাধ্যমে চূড়ান্ত বিজয়ীদের ঘোষণা করা হবে।
অংশগ্রহণের পদ্ধতি
• নিবন্ধনের সময় অংশগ্রহণকারীর নাম অবশ্যই বাংলায় দিতে হবে।
• পরীক্ষা চলাকালে ওয়েব ব্রাউজারের পরীক্ষা ট্যাব ছাড়া অন্য কোনো ট্যাবে যাওয়া যাবে না।
• একই ওয়েব ব্রাউজারে পরীক্ষা দেওয়ার পর ওই ওয়েব ব্রাউজারে আবার পরীক্ষা দেওয়া যাবে না।
• ২৬ মার্চ স্বাধীনতা দিবসের মধ্যে যেকোনো সময় সরাসরি কুইজে অংশগ্রহণ করা যাবে।
• নিবন্ধনের তথ্য বন্ধুসভার কাছে সংরক্ষিত থাকবে।
পুরস্কার
কুইজে সেরা ১৭ জন পাবেন মোট ৩০,০০০ টাকার বই।
• প্রথম বিজয়ী—১০,০০০ টাকার বই
• দ্বিতীয় বিজয়ী—৫,০০০ টাকার বই
• পরবর্তী ১৫ জন—প্রত্যেকে ১,০০০ টাকার বই
এর বাইরে আয়োজনের অংশ হিসেবে সারা দেশের সব বন্ধুসভা স্থানীয়ভাবে সরাসরি এই অলিম্পিয়াড আয়োজন করছে। প্রতিটি আয়োজনে বন্ধুসভার বন্ধুরাসহ অন্তত ১০০ জন প্রতিযোগী অংশ নিচ্ছেন। অলিম্পিয়াডে ৩০টি বহুনির্বাচনী প্রশ্ন (এমসিকিউ) নিয়ে মুক্তিযুদ্ধবিষয়ক কুইজ অনুষ্ঠিত হচ্ছে। প্রতিযোগিতার সময় ২০ মিনিট। বিজয়ী সেরা পাঁচজনকে মুক্তিযুদ্ধবিষয়ক বই উপহার দেওয়া হচ্ছে। এরই মধ্যে গাজীপুর, ভৈরব, গোপালগঞ্জ ও কেরানীগঞ্জে ‘বন্ধুসভা মুক্তিযুদ্ধ অলিম্পিয়াড ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকছেন স্থানীয় মুক্তিযোদ্ধা, শিক্ষাবিদ, শিক্ষক, সামাজিক সংগঠক ও বিশিষ্ট নাগরিকেরা।
এ ছাড়া আয়োজনের অংশ হিসেবে ফেসবুকে চলছে বিশেষ কুইজ। ৩১ মার্চ পর্যন্ত প্রতিদিন একটি করে কুইজ বন্ধুসভার অফিশিয়াল ফেসবুক অনুষ্ঠিত হবে। কুইজে মুক্তিযুদ্ধবিষয়ক একটি করে প্রশ্ন থাকছে। কমেন্টে সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে লটারির মাধ্যমে বিজয়ী পাঁচজনকে মুঠোফোন রিচার্জ দেওয়া হচ্ছে।