আমরা আর কোনো মায়ের কোল খালি দেখতে চাই না

শিশু ও নারী নির্যাতন, নিপীড়ন ও ধর্ষণের ঘটনার প্রতিবাদ এবং ধর্ষক ও নিপীড়কদের দ্রুত ও সর্বোচ্চ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে মাগুরায় মানববন্ধনছবি: প্রথম আলো

সারা দেশে শিশু ও নারী নির্যাতন, নিপীড়ন ও ধর্ষণের ঘটনার প্রতিবাদ এবং ধর্ষক ও নিপীড়কদের দ্রুত ও সর্বোচ্চ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে মাগুরায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ২২ মে বিকেলে শহরের পৌরসভার সামনে এই কর্মসূচির আয়োজন করে মাগুরা বন্ধুসভা।

‘সব শিশু ও নারীর নিরাপত্তা চাই: ধর্ষক–নিপীড়কের দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই’ স্লোগানে এই মানববন্ধন কর্মসূচিতে দেশের সব শিশু ও নারীর নিরাপত্তা নিশ্চিতে রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতা ও শক্তি ব্যবহারের জোর দাবি জানানো হয়। বক্তারা সাম্প্রতিক সময়ে রাজধানীর পল্লবীতে আট বছরের শিশুর নৃশংস হত্যাকাণ্ডসহ দেশজুড়ে ঘটে যাওয়া সব অপরাধমূলক ঘটনার তীব্র নিন্দা জানান।

মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন মাগুরা গণ কমিটির সদস্যসচিব শম্পা বসু। তিনি ঘরে–বাইরে নারীদের অবদান ও বর্তমান নিরাপত্তার সংকটের কথা তুলে ধরে বলেন, ‘আজ নারীরা ঘরে–বাইরে সমান অবদান রেখে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। অথচ অত্যন্ত পরিতাপের বিষয়, সেই নারীদের নিরাপত্তা আজ চরম সংকটে। আইনের ফাঁকফোকর আর বিচারের ধীরগতির কারণে অপরাধীরা পার পেয়ে যাচ্ছে। যার ফলে এ ধরনের নৃশংস ঘটনার পুনরাবৃত্তি নিয়মিত বিষয়ে দাঁড়িয়েছে। আমরা আর কোনো মায়ের কোল খালি দেখতে চাই না, কোনো বোনের ওপর নির্যাতন দেখতে চাই না। অবিলম্বে সাম্য ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করে নারী ও শিশুদের জন্য নিরাপদ পরিবেশ গড়ে তুলতে হবে।’

শিশু ও নারী নির্যাতন, নিপীড়ন ও ধর্ষণের ঘটনার প্রতিবাদ এবং ধর্ষক ও নিপীড়কদের দ্রুত ও সর্বোচ্চ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে মাগুরায় মানববন্ধন।

আইনি জটিলতা ও বিচারহীনতার সংস্কৃতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন বন্ধুসভার সদস্য ও আইনজীবী মাজহারুল ইসলাম। তিনি বলেন, ‘বিচারের দীর্ঘসূত্রতা অপরাধীদের আরও বেশি বেপরোয়া করে তুলছে। আইনি প্রক্রিয়ার দুর্বলতার সুযোগ নিয়ে পার পেয়ে যাচ্ছে ধর্ষক ও নিপীড়কেরা। ধর্ষণের মতো জঘন্য অপরাধের বিরুদ্ধে দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে সংক্ষিপ্ত সময়ে সর্বোচ্চ ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে; যাতে ভবিষ্যতে কেউ এমন অপরাধ করার সাহস না পায়।’

বক্তারা গত বছর মাগুরায় ধর্ষণ ও হত্যার শিকার এক শিশুর নির্মম ঘটনার কথা স্মরণ করে তীব্র ক্ষোভ প্রকাশ এবং সেই ঘটনার শিকার শিশুর পরিবারের জন্য দ্রুত সুনির্দিষ্ট ন্যায়বিচার দাবি করেন। অপরাধের এই ভয়াবহতা প্রতিরোধে সরকারসহ সংশ্লিষ্ট সব পক্ষকে সর্বোচ্চ উদ্যোগ ও কঠোর কর্মপন্থা গ্রহণের আহ্বান জানানো হয়।

প্রথম আলোর মাগুরা প্রতিনিধি কাজী আশিক রহমানের সঞ্চালনায় মানববন্ধনে বন্ধুসভার সদস্য ও স্থানীয় নানা শ্রেণি–পেশার মানুষ অংশ নিয়ে এই দাবির প্রতি একাত্মতা প্রকাশ করেন।