হুমায়ূন আহমেদ বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে বেশ কিছু চমৎকার উপন্যাস রচনা করেছেন। এর মধ্যে ‘১৯৭১’ অন্যতম। বইটি নিয়ে পাঠচক্রের আসর করেছে জামালপুর বন্ধুসভা। ৪ এপ্রিল বিকেলে সরকারি আশেক মাহমুদ কলেজ প্রাঙ্গণে এটি অনুষ্ঠিত হয়।
‘১৯৭১’ উপন্যাসের পটভূমি হিসেবে লেখক নীলগঞ্জ নামক একটি শান্ত ও ছোট গ্রামকে বেছে নিয়েছেন। যুদ্ধের উত্তাল সময়ে একদিন সেই গ্রামে পাকিস্তানি মিলিটারি বাহিনীর আগমন ঘটে। তাদের কাছে তথ্য ছিল যে ওই গ্রামে মুক্তিযোদ্ধারা অবস্থান করছেন এবং তাঁরা কয়েকজন পাকিস্তানি সেনাকে বন্দী করে রেখেছেন।
এই তথ্যের ভিত্তিতে মিলিটারিরা গ্রামের সাধারণ কয়েকজন মানুষকে আটক করে ক্যাম্পে নিয়ে যায় এবং নিখোঁজ সেনাদের হদিস পেতে তাদের ওপর অমানবিক নির্যাতন চালায়। হুমায়ূন আহমেদ তাঁর স্বভাবসুলভ জাদুকরি গদ্যে যুদ্ধের সেই ভয়াবহ পরিস্থিতিতে সাধারণ মানুষের মনের ভয়, সংশয় এবং টিকে থাকার আকুলতার মতো মনস্তাত্ত্বিক বিষয়গুলো অত্যন্ত নিপুণভাবে ফুটিয়ে তুলেছেন।
পাঠচক্রে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, সহসাংগঠনিক সম্পাদক বাকিবিল্লাহ, প্রশিক্ষণ সম্পাদক তাসকিন রহমান, ম্যাগাজিন সম্পাদক সিয়াম আহমেদ, বন্ধু সাইমসহ অন্যরা।
ম্যাগাজিন সম্পাদক, জামালপুর বন্ধুসভা