কবিতা ও গানে মুখর রাজশাহী বন্ধুসভার বিকেল

রাজশাহী বন্ধুসভার কবিতা পাঠের আসরছবি: সুশীল পাল

রাজশাহী বন্ধুসভার উপদেষ্টা আবুল কালাম মুহম্মদ আজাদের লেখা কবিতার বই ‘প্রজাপতি পাখি নয়’। বইটি নিয়ে কবিতা পাঠের আসর করেছে রাজশাহী বন্ধুসভা। ১৬ আগস্ট বিকেলে প্রথম আলো রাজশাহী অফিসে এ আসর বসে। কবিতা, গান, গল্প ও আড্ডায় বিকেলটি হয়ে ওঠে আনন্দময়।

শুরুতেই উপদেষ্টা আবুল কালাম মুহম্মদ আজাদ কবিতা পাঠ করেন। তাঁর কবিতায় জীবন, অনুভূতি ও মানুষের নানা কথা উঠে আসে। তাঁর কণ্ঠে বন্ধুরা মুগ্ধ হয়ে কবিতা শোনেন এবং আসরে তৈরি হয় সুন্দর এক সাহিত্যিক পরিবেশ।

সভাপতি সোহান রেজাও কবিতা পাঠ করেন। পাশাপাশি তিনি গান পরিবেশন করে আসরটিকে আরও প্রাণবন্ত করে তোলেন। তাঁর কণ্ঠে কবিতা ও গানের সুরে বন্ধুদের মধ্যে ছড়িয়ে পড়ে আনন্দ ও ভালো লাগা।

এ ছাড়া কবিতা পাঠ করেন সহসভাপতি পরওয়ার হোসেন, সাবেক সহসভাপতি উৎসব সরকার, সাধারণ সম্পাদক ইশরাত জাহান, অর্থ সম্পাদক নিশাত তাসনিম, সাংগঠনিক সম্পাদক আসিফ ইমতিয়াজ, প্রচার সম্পাদক অলক চন্দ্র বর্মন, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক ইফরান নাসরিন, মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক সুমন রেজা।

কবিতার পাশাপাশি সভাপতি সোহান রেজা ও সহসভাপতি পরওয়ার হোসেন গান পরিবেশন করেন। গানের সুর, কবিতার আবেশ, গল্প ও হাসি-আড্ডায় সময়টা যেন দ্রুতই কেটে যায়।

আয়োজনের বিশেষ মুহূর্ত ছিল ঢাকা থেকে অনলাইনে যুক্ত হওয়া সহসভাপতি তাহমিনা আক্তারের অংশগ্রহণ। দূরে থেকেও সংগঠনের এ আয়োজনে যুক্ত হওয়া তাঁর বন্ধুসভার প্রতি ভালোবাসা ও আন্তরিকতার সুন্দর প্রকাশ। পাশাপাশি সাবেক সভাপতি সাব্বির খান সরাসরি উপস্থিত থেকে বন্ধুদের সঙ্গে সময় কাটান।

সহসভাপতি, রাজশাহী বন্ধুসভা