চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের কোল ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষদের গ্রাম ফিল্টিপাড়া। গ্রামের শুরুতেই রয়েছে একটি বিশাল মাঠ। খাস জমির ওপর থাকা এই মাঠে স্থানীয় মানুষেরা বংশ পরম্পরায় খেলাধুলা করে আসছে। প্রতিবছরই একাধিবার অনুষ্ঠিত হয় ক্ষুদ্র ফুটবল প্রতিযোগিতা। খেলা দেখতে ভিড় করে আশপাশের কয়েক গ্রামের মানুষ। খেলা উপভোগ করতে গিয়ে মাঠের শেষ প্রান্তে রোদে বসতে হয়। রোদ-বৃষ্টি উপেক্ষা করেই উচ্ছ্বাস করে তারা।
কোল জাতিগোষ্ঠীর এই মানুষদের কষ্ট কিছুটা হলেও লাঘব করার চেষ্টা করছে প্রথম আলো বন্ধুসভা। সেটির অংশ হিসেবে ‘বৃক্ষ শুধু রোপণ নয়, যত্ন নিয়ে বাঁচাতে হয়’ প্রতিপাদ্যে খেলার মাঠটির পাশে গাছের চারা রোপণ করেছেন চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার বন্ধুরা। ৩১ আগস্ট দুপুরে সেখানে আম, চালতা, পেয়ারা, আমড়া, জলপাই, কামরাঙা ও কদমগাছের ১২টি চারা রোপণ করা হয়।
গাছ রোপণের পর সেগুলো খুঁটি ও বাঁশের খাঁচা দিয়ে ঘিরে রাখা হয়। গাছগুলো বড় হয়ে ফল ও ছায়া দিবে। এ গাছের ফল পেড়ে খাবে কোল জাতিগোষ্ঠীর শিশুরা। এতে তাদের পুষ্টির জোগান হবে। পাশাপাশি বিভিন্ন সময় খেলাধুলা করতে গিয়ে মাঠের প্রান্তে ছায়ায় বসতে পারবে। মাঠের পাশে কৃষিজমিতে কাজ করা কৃষকেরাও এসব গাছের ছায়ায় দুদণ্ড জিরিয়ে নিতে পারবেন।
পাশাপাশি গ্রামের ৪৮টি পরিবারের মধ্যে একটি করে ফলদ ও ভেষজ গাছের চারা বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার সভাপতি মাসরুফা খাতুন, যুগ্ম সাধারণ সম্পাদক সাবরিন আখতার, সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান, সহসাংগঠনিক সম্পাদক মুসফিক মাহদি, প্রচার সম্পাদক মানসুরা খাতুন, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক আরাফাত মিলেনিয়াম, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক সাঈদ মাহমুদ, কার্যনিবাহী সদস্য সিফা বিনতে হাবিব ও আহমেদ ওয়ালিদ।
একই দিন সকালে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার শংকরবাটী পোল্লাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে পেয়ারা, জাম, লেবু, কতবেল ও অর্জুনগাছের চারা বিতরণ করা হয়। এ সময় ২০০ জনকে চারা দেন বন্ধুরা। উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোয়ারা খাতুন, চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার সহসাংগঠনিক সম্পাদক মুশফিক মাহাদী, পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক শাকিল হোসেন, বন্ধু নয়ন আহমেদ, সৈয়দ তাবিন প্রমূখ।
এ সময় মনোয়ারা খাতুন বলেন, পরিবেশ রক্ষায় বন্ধুসভার এ উদ্যোগ খুবই ভালো। আমি তাদের ধন্যবাদ জানাই।
এ ছাড়া পৌর এলাকার জোসনারা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ১৬০টি গাছের চারা বিতরণ করেন বন্ধুরা। সেখানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহা. শাহজাহান, বন্ধুসভার সহসভাপতি ফারাহ্ উলফাৎ রহমান, সাধারণ সম্পাদক রামিজ আহমেদ, সহসাংগঠনিক সম্পাদক মুশফিক মাহাদি, বন্ধু শাহরিয়ার জামান ও সিফা বিনতে হাবিব।
বন্ধুসভার বন্ধুরাও নিজ নিজ বাড়ির আঙিনায়, জমিতে বা বাগানে বৃক্ষ রোপণ করেছেন। এই সংখ্যা প্রায় ৩০০টি। বন্ধুরা নিজ খরচেই এসব বৃক্ষ রোপণ করেন।
এর আগে দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে ৭০০টি ফলদ ও বনজ গাছের চারা বিতরণ করে চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভা। এই গাছগুলো দিয়ে সহযোগিতা করে ব্র্যাক মাইক্রোফাইন্যান্স। সব মিলিয়ে এ বছর চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার উদ্যোগে ১ হাজার ৪২০টি গাছের চারা বিতরণ ও রোপণ করা হয়েছে।
এ বিষয়ে সভাপতি মাসরুফা খাতুন বলেন, ‘প্রথম আলো বন্ধুসভার বন্ধুরা প্রতিবছরই বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে থাকেন। এ কর্মসূচির জন্য গাছের চারা ক্রয়, গাছগুলো যত্নের জন্য খুঁটি ও সংরক্ষণের জন্য ঘিরে রাখার ব্যবস্থা করা হয়েছে। এসব কাজে যে ব্যয় হয়েছে, তা বন্ধুসভার বন্ধুরাই দিয়েছেন। প্রকৃতির প্রতি ভালোবাসা থেকেই আমরা এই কাজগুলো করে থাকি।’
অর্থ সম্পাদক, চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভা