ক্যারিয়ারের প্রস্তুতিতে চাই এক্সেল দক্ষতা

চট্টগ্রাম বন্ধুসভার ‘এক্সেল ফর ক্যারিয়ার রেডিনেস–লাইভ সেশন!’

‘বর্তমান প্রতিযোগিতামূলক শ্রমবাজারে নিজেকে এগিয়ে রাখতে মাইক্রোসফট এক্সেল দক্ষতার বিকল্প নেই। আর আধুনিক কর্মক্ষেত্রে শুধু সফটওয়্যার জানা যথেষ্ট নয়, বরং জানতে হবে কীভাবে ডেটা বা উপাত্ত ব্যবহার করে সঠিক সিদ্ধান্ত নেওয়া যায়।’

চট্টগ্রাম বন্ধুসভার বিশেষ প্রশিক্ষণ কর্মশালা ‘এক্সেল ফর ক্যারিয়ার রেডিনেস–লাইভ সেশন!’–এ এক্সেলের গুরুত্ব তুলে ধরে এ কথা বলেন প্রশিক্ষক তানভীর রহমান। ‘স্কিল টু ইনকাম: করপোরেট সিরিজ’–এর অংশ হিসেবে ২৭ ফেব্রুয়ারি বেলা ৩টায় গুগল মিট অ্যাপে এটি অনুষ্ঠিত হয়।

চট্টগ্রাম বন্ধুসভার ‘এক্সেল ফর ক্যারিয়ার রেডিনেস–লাইভ সেশন!’

তানভীর রহমান ‘তানভীর একাডেমি’র প্রতিষ্ঠাতা এবং মাইক্রোসফট এমভিপি ও সার্টিফায়েড প্রশিক্ষক। কর্মশালায় তিনি ডেটা ভিজ্যুয়ালাইজেশনের ওপর বিশেষ গুরুত্ব দেন। একটি সাধারণ ডেটাসেট কীভাবে চার্ট, গ্রাফ ও ড্যাশবোর্ডের মাধ্যমে অর্থবহ উপস্থাপনায় রূপ পায় তা লাইভ ডেমোর মাধ্যমে অংশগ্রহণকারীদের শেখান।

তাত্ত্বিক আলোচনার পাশাপাশি কর্মশালায় গুরুত্ব পায় তিনটি প্রধান দিক—
১. করপোরেট পেশায় এক্সেলের বাস্তবমুখী ব্যবহার।
২. ক্যারিয়ারের দ্রুত উন্নতির জন্য কার্যকর স্কিলসমূহ।
৩. এক্সেল শেখার প্রক্রিয়াকে কীভাবে ‘ক্যারিয়ার-রেডি’ দক্ষতায় রূপান্তর করা যায়।

অনলাইন এই আয়োজনে ১০০ জনের বেশি শিক্ষার্থী ও চাকরিপ্রার্থী অংশ নেন। সেশন শেষে ছিল প্রশ্নোত্তর ও কুইজ পর্ব, যেখানে অংশগ্রহণকারীরা নিজেদের মেধা যাচাইয়ের সুযোগ পান। পরে সবাইকে অনলাইন সার্টিফিকেট দেওয়া হয়।

চট্টগ্রাম বন্ধুসভার ‘এক্সেল ফর ক্যারিয়ার রেডিনেস–লাইভ সেশন!’

কর্মশালা পরিচালনা করেন দপ্তর সম্পাদক জয় চক্রবর্ত্তী। সার্বিক সহযোগিতায় ছিলেন সাধারণ সম্পাদক ইরফাতুর রহমান, প্রচার সম্পাদক সাকিব জিশান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পাদক ইনজামাম ইসলাম। সমন্বয় করেন প্রশিক্ষণ সম্পাদক বহ্নি শিখা।

বন্ধুরা জানান, মূল উদ্দেশ্য ছিল তরুণদের করপোরেট জগতের বাস্তবতা সম্পর্কে ধারণা দেওয়া এবং এক্সেলকে কেবল একটি সফটওয়্যার হিসেবে নয়, বরং আয়ের উপযোগী একটি শক্তিশালী মাধ্যম হিসেবে গড়ে তোলার মানসিকতা তৈরি করা। ‘সাধারণ’ থেকে ‘বিশেষজ্ঞ’ হওয়ার এই যাত্রায় দক্ষতাই যে মূল চাবিকাঠি, এই অনুপ্রেরণা নিয়েই শেষ হয় বন্ধুসভার এই বিশেষ আয়োজন।

প্রশিক্ষণ সম্পাদক, চট্টগ্রাম বন্ধুসভা