‘ছায়াবীথি’ উপন্যাস নিয়ে নোবিপ্রবি বন্ধুসভার পাঠচক্র
কুমারুন আহমেদের উপন্যাস ছায়াবীথি নিয়ে পাঠচক্রের আসর করেছে নোবিপ্রবি বন্ধুসভা। ১১ ফেব্রুয়ারি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এটি অনুষ্ঠিত হয়।
পাঠচক্রে আলোচনায় উঠে আসে—উপন্যাসটির নীরব অথচ গভীর আবেগময় পরিবেশ নির্মাণ, মানুষের সম্পর্ক, একাকিত্ব ও মানসিক টানাপোড়েনের সূক্ষ্ম উপস্থাপন। উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র জামানের সাধারণ জীবন, সংসারের দায়িত্ব ও অনুভূতির দ্বন্দ্ব পাঠকদের কাছে বাস্তবতার প্রতিচ্ছবি হয়ে ধরা দেয়। একই সঙ্গে নায়লা চরিত্রের মাধ্যমে নারীর অনুভূতি ও অনিশ্চয়তার দিকগুলোও সুন্দরভাবে ফুটে উঠেছে। ধীরগতির গল্প বলার ভঙ্গি পাঠকদের চরিত্রের গভীরে প্রবেশের সুযোগ দেয়—যা উপন্যাসটির অন্যতম সৌন্দর্য হিসেবে আলোচিত হয়।
আলোচকেরা বলেন, পাঠচক্র শুধু বই পড়ার মধ্যেই সীমাবদ্ধ নয়; এটি বন্ধুদের চিন্তাশক্তি, বিশ্লেষণ ক্ষমতা ও পারস্পরিক মতবিনিময়ের সুযোগ তৈরি করে। যা একজন সচেতন পাঠক ও মানবিক মানুষ হিসেবে গড়ে উঠতে সহায়তা করে।’
পাঠচক্রে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক সানজিদ মুনতাসীর, জেন্ডার ও সমতাবিষয়ক সম্পাদক শারমিন আক্তার, বন্ধু জিসান আহমেদ, প্রশান্ত কুমার সরকার, মোহাম্মদ তুহিন ও সায়মন হাসান।
সহসভাপতি, নোবিপ্রবি বন্ধুসভা