ঈদের আনন্দ সমাজের সর্বস্তরের মানুষের সঙ্গে ভাগাভাগি করে নেওয়ার লক্ষ্যে ‘সহমর্মিতার ঈদ’ কর্মসূচি করেছে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় বন্ধুসভা। এর অংশ হিসেবে ১০ মার্চ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসংলগ্ন ৩০টি সুবিধাবঞ্চিত পরিবারের মধ্যে ঈদসামগ্রী বিতরণ করা হয়।
পরিবারগুলোর হাতে এসব উপহার তুলে দেন বন্ধুসভার বন্ধুরা। চাল, ডাল, তেলসহ প্রয়োজনীয় ঈদসামগ্রী পেয়ে পরিবারগুলোর মুখে ফুটে ওঠে আনন্দের হাসি।
এই মানবিক কার্যক্রম বাস্তবায়নে অর্থায়ন ও সহযোগিতা করেন বন্ধুসভার বন্ধু এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা। সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কর্মসূচিটি সুন্দরভাবে সম্পন্ন হয়।
কর্মসূচির আরেকটি আকর্ষণ ছিল শিশুদের জন্য বিশেষ আয়োজন। ছোট ছোট শিশুদের হাতে মেহেদি পরিয়ে দেওয়া হয়, যা তাদের ঈদের আনন্দকে আরও বাড়িয়ে তোলে। শিশুদের মুখে ছিল নির্মল হাসি আর উচ্ছ্বাস।
এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় বন্ধুসভার উপদেষ্টা, সভাপতি, সাধারণ সম্পাদক, কার্যনির্বাহী পর্ষদের অন্য সদস্য এবং সাধারণ সদস্যরা। সভাপতি জামি আল হাসিন শিশু ও তাদের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করে বলেন, ঈদের আনন্দ তখনই পূর্ণতা পায়, যখন আমরা সেই আনন্দ সমাজের সবার সঙ্গে ভাগাভাগি করতে পারি। বন্ধুসভার এই উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সুবিধাবঞ্চিত মানুষদের উদ্দেশে উপদেষ্টা আকিফ বিন সাঈদ বলেন, ‘আপনারা এত দিন তাদের (শিক্ষার্থী) দেখে রেখেছেন। এখন ঈদের আগে আপনাদের রেখে কি তারা ঈদ করতে পারবে! আপনাদের মধ্যে ঈদের আনন্দ ছড়িয়ে দিতেই আজকের এই আয়োজন।’
উপহার গ্রহণ করা পরিবারগুলোর সদস্যরা বন্ধুসভার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ষাটোর্ধ্ব এক প্রবীণ বলেন, ‘হামার পুলাপাইন নাই, হামি একাই। তোমগো জন্যি অনেক দোয়া বাপ।’
প্রশিক্ষণ সম্পাদক, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় বন্ধুসভা