নতুন প্রজন্মকে দেশ গঠনে এগিয়ে আসতে হবে

বন্ধুসভা মুক্তিযুদ্ধ অলিম্পিয়াড ২০২৬–এর লক্ষ্মীপুর পর্ব
ছবি: প্রথম আলো

‘আমাদের চিন্তাচেতনার বিকাশ ও মূল্যবোধের ভিত্তি গড়ে উঠেছে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়েই। এই যুদ্ধ শুধু একটি ভূখণ্ডের স্বাধীনতা এনে দেয়নি, বরং আমাদের আত্মপরিচয়, সাহস ও জাতিসত্তার দৃঢ় ভিত্তি নির্মাণ করেছে। কিন্তু দুঃখজনকভাবে, রাষ্ট্রক্ষমতায় যাঁরা থাকেন, অনেক সময় তাঁরা নিজেদের সুবিধামতো ইতিহাসকে ব্যাখ্যা করতে চান। ফলে রাষ্ট্র বদলের সঙ্গে সঙ্গে ইতিহাসের উপস্থাপনাও বদলে যেতে থাকে, যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য বিভ্রান্তিকর হয়ে ওঠে।’

বন্ধুসভা মুক্তিযুদ্ধ অলিম্পিয়াড ২০২৬–এর লক্ষ্মীপুর পর্বে অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কথাগুলো বলেন লক্ষ্মীপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মাইন উদ্দিন পাঠান। তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধ আমাদের হাজার বছরের ইতিহাসের এক অনন্য গৌরবগাথা। এই চেতনাকে হৃদয়ে ধারণ করে, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ হয়ে নতুন প্রজন্মকে দেশ গঠনে এগিয়ে আসতে হবে।’

মুক্তিযুদ্ধের ইতিহাসভিত্তিক কুইজ প্রতিযোগিতা
ছবি: প্রথম আলো

আজ বৃহস্পতিবার সকালে জেলা শহরের কলেজিয়েট উচ্চবিদ্যালয়ে এই অলিম্পিয়াডের আয়োজন করেছে লক্ষ্মীপুর বন্ধুসভা। ‘মুক্তিযুদ্ধের আলোয় জাগ্রত তরুণ্য’ স্লোগানে নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের ইতিহাস, তাৎপর্য ও মূল্যবোধ ছড়িয়ে দিতে মার্চজুড়ে দেশব্যাপী মুক্তিযুদ্ধ অলিম্পিয়াড করছে প্রথম আলো বন্ধুসভা।

লক্ষ্মীপুর বন্ধুসভার সভাপতি শাহজাহান কামালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফাহাদ বিন বেলায়েতের সঞ্চালনায় বক্তব্য দেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব, শিক্ষক ও মুক্তিযোদ্ধা পরিবারের সন্তানেরা। স্বাগত বক্তব্য দেন প্রথম আলো লক্ষ্মীপুর প্রতিনিধি এ বি এম রিপন।

কলেজিয়েট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক খোদেজা খাতুন বলেন, ‘মুক্তিযুদ্ধ আমাদের জাতিসত্তার মূল ভিত্তি এবং আত্মমর্যাদার প্রতীক। ১৯৭১ সালে বাঙালির দীর্ঘদিনের বঞ্চনা, শোষণ ও অবিচারের বিরুদ্ধে যে সশস্ত্র প্রতিরোধ গড়ে উঠেছিল, তা-ই রূপ নেয় এক সর্বাত্মক মুক্তির সংগ্রামে। এই যুদ্ধে সাধারণ মানুষ, কৃষক, শ্রমিক, ছাত্র—সবাই একত্র হয়ে অসাধারণ সাহসিকতা ও ত্যাগের নজির স্থাপন করেন।’

খোদেজা খাতুন বলেন, ‘মুক্তিযুদ্ধ আমাদের শিখিয়েছে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে, অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হতে এবং মানবিক মূল্যবোধকে সর্বোচ্চ গুরুত্ব দিতে। তাই এই চেতনাকে ধারণ করে একটি বৈষম্যহীন, উন্নত ও মানবিক বাংলাদেশ গড়ে তোলাই হওয়া উচিত আমাদের অঙ্গীকার।’

বিজয়ীদের হাতে মুক্তিযুদ্ধের গল্পের বই উপহার
ছবি: প্রথম আলো

মুক্তিযুদ্ধের ইতিহাসভিত্তিক কুইজ প্রতিযোগিতায় মোট ৭৩ জন শিক্ষার্থী অংশ নেয়। প্রাথমিক বাছাই শেষে ৫ জন শিক্ষার্থীকে বিজয়ী হিসেবে নির্বাচিত করা হয়। প্রথম হয়েছে মান্দারী বহুমুখী উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী নাঈমুর রহমান, দ্বিতীয় লক্ষ্মীপুর আদর্শ সামাদ সরকারি উচ্চবিদ্যালয়ের আহনাফ তাজওয়ার, তৃতীয় লক্ষ্মীপুর সরকারি কলেজের শিক্ষার্থী আশরাফ আলী, চতুর্থ কামানখোলা অলিউল্লা মুসলিম পলিটেকনিক একাডেমির হাসিবুর রহমান এবং পঞ্চম হয়েছে লক্ষ্মীপুর কলেজিয়েট উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী রাকিব হোসেন।

পরে বিজয়ীদের হাতে মুক্তিযুদ্ধের গল্পের বই উপহার দেওয়া হয়। এর আগে অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।