রকিব হাসানের ‘তিন গোয়েন্দা’ নিয়ে ড্যাফোডিল বন্ধুসভার পাঠচক্র
কিশোরসাহিত্যের জনপ্রিয় লেখক রকিব হাসানের কালজয়ী সৃষ্টি ‘তিন গোয়েন্দা’ ভলিউম ১-এর গল্প নিয়ে পাঠচক্রের আসর করে ড্যাফোডিল বন্ধুসভা। সম্প্রতি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সবুজে ঘেরা বনমায়া প্রাঙ্গণে এই আসর বসে।
পাঠাগার ও পাঠচক্র সম্পাদক জেবা আনিকার সঞ্চালনায় শুরুতে উপস্থিত বন্ধুদের পরিচয়পর্ব হয়। এরপর রকিব হাসানের জীবন, বাংলা কিশোরসাহিত্যে তাঁর অবদান এবং রোমাঞ্চ ও গোয়েন্দাসাহিত্যের সঙ্গে বাংলাভাষী পাঠকদের পরিচিত করে তোলার ক্ষেত্রে তাঁর ভূমিকা নিয়ে আলোচনা করেন সঞ্চালক।
আলোচনায় ‘তিন গোয়েন্দা’ ভলিউম ১-এর পটভূমি ও তিন প্রধান চরিত্র কিশোর পাশা, রবিন মিলফোর্ড ও মুসা আমানের পরিচয় তুলে ধরা হয়। ক্যালিফোর্নিয়ার রকি বিচ শহরে তাদের গোপন হেডকোয়ার্টার ‘স্পেস স্টেশন’, সাংকেতিক চিহ্ন (?) এবং নির্জন এলাকার ভয়াল দুর্গের ভৌতিক রহস্য, গোপন সুড়ঙ্গ ও খলনায়কের অপকর্ম উন্মোচনের নানা রোমাঞ্চকর ঘটনা নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি বিপদের সময় সূক্ষ্ম পর্যবেক্ষণ ও ঠান্ডা মাথায় রহস্য সমাধানের বিষয়টিও গুরুত্ব পায়।
পাঠচক্রে নবীন বন্ধুরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। পাঠের আনন্দকে আরও প্রাণবন্ত করতে নবীন বন্ধুদের দিয়ে বইটির নির্বাচিত কিছু অংশ পাঠ করানো হয়।
সভাপতি মুসাভভির সাকির বলেন, ‘কিশোর বয়সে গোয়েন্দা ও রহস্যসাহিত্য আমাদের কল্পনাশক্তি, যুক্তিবোধ ও পর্যবেক্ষণের ক্ষমতা বাড়িয়ে দেয়। “তিন গোয়েন্দা” আমাদের শেখায় যেকোনো ভয় বা জটিল পরিস্থিতিতে মাথা ঠান্ডা রেখে কীভাবে সমাধানের পথ খুঁজতে হয়। নবীন বন্ধুদের এত বিপুল উৎসাহ ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে যে সাহিত্যচর্চার প্রতি তরুণদের আকর্ষণ এখনো গভীর।’
পাঠচক্রে আরও উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক অণীক ভূষণ সাহা, সাংগঠনিক সম্পাদক সালমান ফারসী, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা মাহফুজ, অর্থ সম্পাদক রিজভী আমিন, দপ্তর সম্পাদক আবিদুর রহমান, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক মুহাম্মদ নাঈম, কার্যনির্বাহী সদস্য নুসরাত অনন্যা, শাফি মাহমুদসহ অসংখ্য নবীন বন্ধু।
পাঠাগার ও পাঠচক্র সম্পাদক, ড্যাফোডিল বন্ধুসভা