ক্যারিয়ারের জন্য দক্ষতা ক্লাবিংয়ের মাধ্যমে অর্জন করা সম্ভব

ড্যাফোডিল বন্ধুসভার ‘আন্ডারস্ট্যান্ডিং ক্লাব কালচার: বিল্ডিং লিডার্স বিয়োন্ড ক্লাসরুম’ শিরোনামে প্রশিক্ষণ কর্মশালা।

শুধু শ্রেণিকক্ষের পাঠ্যজ্ঞান নয়, নেতৃত্ব, যোগাযোগ, দলগত কাজ, সমস্যা সমাধান ও সামাজিক দায়িত্ববোধের মতো বাস্তব দক্ষতা অর্জনেও ক্লাব অথবা বিভিন্ন সংগঠনের কার্যক্রম গুরুত্বপূর্ণ। ক্লাবিংয়ের মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের চিন্তা ও সৃজনশীলতা বিকাশের পাশাপাশি বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করে নেতৃত্বের অভিজ্ঞতা অর্জন করতে পারে বলে মনে করেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সংগঠনের তরুণ নেতৃত্বরা।

‘ক্লাসরুমের বাইরেও নেতৃত্বের পাঠ’—ভাবনাকে সামনে রেখে ড্যাফোডিল বন্ধুসভার উদ্যোগে আয়োজিত ‘দক্ষতার পাঠশালা’-এর প্রথম পর্বে বক্তাদের আলোচনায় এ কথা উঠে আসে। ‘আন্ডারস্ট্যান্ডিং ক্লাব কালচার: বিল্ডিং লিডার্স বিয়োন্ড ক্লাসরুম’ শিরোনামে ৬ আগস্ট রাত আটটায় ফেসবুক লাইভে এটি অনুষ্ঠিত হয়। এতে স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয় ও যুব সংগঠনের ক্লাব কার্যক্রম, নেতৃত্ব বিকাশ, স্বেচ্ছাসেবী কাজ, দক্ষতা অর্জন ও পড়াশোনার সঙ্গে ক্লাবিংয়ের সমন্বয় নিয়ে আলোচনা করেন বক্তারা।

সঞ্চালনার শুরুতেই ড্যাফোডিল বন্ধুসভার সহসভাপতি ইশরাত জাহান বলেন, শিক্ষাজীবন শুধু বই, পরীক্ষা কিংবা ভালো ফলাফলের মধ্যে সীমাবদ্ধ নয়। একজন শিক্ষার্থীর প্রকৃত বিকাশ ঘটে যখন সে নেতৃত্ব দিতে, মানুষের সঙ্গে কাজ করতে, দায়িত্ব নিতে এবং নিজের সীমাবদ্ধতা অতিক্রম করতে শেখে। তাঁর মতে, এসব দক্ষতা অর্জনের অন্যতম কার্যকর মাধ্যম ক্লাব সংস্কৃতি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ড্যাফোডিল বন্ধুসভার কো-কনভেনর ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহকারী প্রক্টর মো. আহসান উল্লাহ সজীব। ক্লাব কার্যক্রমে অভিজ্ঞ নেতৃত্বের কাছ থেকে শেখার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, একজন দক্ষ ক্লাব নেতৃত্ব কিংবা অভিজ্ঞতাসম্পন্ন নেতৃত্ব আসলে শিক্ষার মূল্যবান উৎস হতে পারে। নেতৃত্বের দক্ষতা উন্নয়ন, নতুন ধারণা অর্জন এবং জাতীয় পর্যায়ের বিভিন্ন প্রতিষ্ঠানের ক্লাব নেতাদের সঙ্গে যোগাযোগ ও পারস্পরিক সহযোগিতার সুযোগ তৈরিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ।

অতিথি আলোচক হিসেবে যুক্ত ছিলেন বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের নির্বাহী সভাপতি ফরহাদ হোসেন মল্লিক। তিনি ক্লাব সংস্কৃতির প্রয়োজনীয়তা তুলে ধরে বলেন, শিক্ষার্থীদের পড়াশোনা ও সিজিপিএকে গুরুত্ব দেওয়ার পাশাপাশি বাস্তব দক্ষতা অর্জনের দিকেও মনোযোগী হওয়া প্রয়োজন। সিজিপিএ গুরুত্বপূর্ণ, কিন্তু চাকরি বা প্রতিযোগিতার জায়গায় শুধু ফলাফল নয়, দক্ষতাও দেখা হয়। আর সেই দক্ষতা ক্লাবিংয়ের মাধ্যমে অর্জন করা সম্ভব। এ সময় তিনি প্রথম আলো বন্ধুসভার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী কার্যক্রমের কথাও তুলে ধরেন।

ক্লাবিংয়ের মাধ্যমে ব্যক্তিগত দক্ষতা বিকাশের অভিজ্ঞতা তুলে ধরে আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল আইটি ক্লাবের হেড অব ডিজাইনিং আজমাইন জাওয়াদ। নবম শ্রেণির এই শিক্ষার্থী জানায়, ক্লাব কার্যক্রমে যুক্ত হতে ব্যবস্থাপনা ও সংগঠন পরিচালনার বিভিন্ন দিক শেখার পাশাপাশি নিজের আগ্রহ থেকে গ্রাফিক ডিজাইনে কাজ শুরু করে। প্রায় তিন বছর ধরে গ্রাফিক ডিজাইনের সঙ্গে যুক্ত থাকার অভিজ্ঞতা তাকে নিজের ভবিষ্যৎ নিয়ে আরও সচেতন করছে। অনলাইন ও অফলাইন বিভিন্ন আয়োজন পরিচালনার অভিজ্ঞতা তুলে ধরে আজমাইন জাওয়াদ বলে, অন্তর্মুখী স্বভাবের হয়েও ক্লাবিংয়ের মাধ্যমে মানুষের সামনে কাজ করার আত্মবিশ্বাস তৈরি হয়েছে। ক্লাব থেকে শিখেছি ইভেন্ট ম্যানেজমেন্ট, যোগাযোগ, নেটওয়ার্কিং ও বিভিন্ন পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার দক্ষতা।

ক্লাবের সামাজিক ভূমিকা নিয়ে কথা বলেন বি এ এফ শাহীন কলেজ ঢাকা গ্রিন থামবস্-এর সহসভাপতি ফারজিনুল হক। তিনি বলেন, ‘প্রায় এক দশক আগে পরিবেশ সংরক্ষণকে মূল লক্ষ্য করে আমাদের ক্লাবটির যাত্রা শুরু হলেও সময়ের সঙ্গে এর কার্যক্রম মানবিক ও সামাজিক ক্ষেত্রেও বিস্তৃত হয়েছে। বৃক্ষরোপণ, পরিবেশ সচেতনতা, বন্যার্ত ব্যক্তিদের সহায়তা এবং সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর মতো বিভিন্ন কার্যক্রমের সঙ্গে জড়িত আমরা।’ পড়াশোনার পাশাপাশি ক্লাবিং পরিচালনার বিষয়ে নিজের অভিজ্ঞতা জানিয়ে তিনি বলেন, কিছুটা ত্যাগ ও সময় ব্যবস্থাপনার মাধ্যমে পড়াশোনা ও ক্লাবিং—দুটিই ম্যানেজ করা সম্ভব।

বিশ্ববিদ্যালয় পর্যায়ে ক্লাবিংয়ের চ্যালেঞ্জ ও সম্ভাবনার কথা তুলে ধরেন চিটাগং ইউনিভার্সিটি স্কুল অন ডিবেটের ডিবেট ডেভেলপমেন্ট সেক্রেটারি অঙ্কিতা চক্রবর্তী। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগের শিক্ষার্থী, প্রশাসনিক নিয়ম ও সময় ব্যবস্থাপনার মধ্যে ক্লাব কার্যক্রম পরিচালনা করতে গিয়ে নানা ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার অভিজ্ঞতা জানান তিনি। ভেন্যুসংকট, একই সময়ে একাধিক আয়োজন এবং স্পনসর ব্যবস্থাপনার সমস্যার কথাও উঠে আসে তাঁর বক্তব্যে। জাতীয় পর্যায়ের বিতর্ক প্রতিযোগিতা আয়োজনের ক্ষেত্রে স্পনসর সংগ্রহ ও বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগের অভিজ্ঞতা তুলে ধরে অঙ্কিতা চক্রবর্তী বলেন, এসব সমস্যা সমাধানের মধ্য দিয়েই ক্লাবের কর্মীদের বাস্তব দক্ষতা তৈরি হয়। ক্লাবিং করতে গেলে নানা সমস্যা থাকবেই, সবাই মিলে সেই সমস্যা সমাধান করাই ক্লাবিংয়ের অন্য রকম আনন্দ। ক্লাব কার্যক্রম শিক্ষার্থীদের নিজ গণ্ডির বাইরে গিয়ে চিন্তা করার সুযোগ দেয়, যা শুধু গ্রন্থগত শিক্ষার মাধ্যমে অর্জন করা সম্ভব নয়।

তরুণদের স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে সম্পৃক্ততার বিষয়েও আলোচনা হয় অনুষ্ঠানে। নেটওয়ার্ক ফর এডুকেশনাল অ্যান্ড ইকোনমিক ডেভেলপমেন্টের (এনইইডি) প্রশাসনিক কর্মকর্তা মুহাইমিনুল ইসলাম মননের সঙ্গে এ বিষয়ে আলোচনা করেন আয়োজকেরা। স্কুল-কলেজের শিক্ষার্থীরা বিভিন্ন ক্লাবের পাশাপাশি স্বেচ্ছাসেবী সংগঠনে কেন যুক্ত হয় এবং এসব সংগঠন কীভাবে তরুণদের ভবিষ্যৎ উন্নয়নে ভূমিকা রাখে, আলোচনায় উঠে আসে এসব বিষয়। সামাজিক ও স্বেচ্ছাসেবী কাজের মাধ্যমে শিক্ষার্থীরা বাস্তব জীবনের বিভিন্ন সমস্যা সম্পর্কে জানতে এবং মানুষের পাশে দাঁড়ানোর অভিজ্ঞতা অর্জন করতে পারে বলেও আলোচনায় গুরুত্ব পায়। মুহাইমিনুল ইসলাম মনন বলেন, ‘২০১৯ সাল থেকে আমাদের সংগঠন বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে দেশে শিক্ষা, অর্থনীতি, পরিবেশ ও যুব উন্নয়ন নিয়ে বিভিন্ন প্রজেক্টের আয়োজন করে আসছে, যা বিভিন্ন প্রাতিষ্ঠানিক ক্লাবের থেকে ভিন্ন অভিজ্ঞতা অর্জনের সুযোগ করে দেয়।’

‘দক্ষতার পাঠশালা’ আয়োজনের উদ্দেশ্য ও ভবিষ্যৎ ভাবনা তুলে ধরে ড্যাফোডিল বন্ধুসভার সভাপতি মুসাভভির সাকির বলেন, শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নেতৃত্ব, সাংগঠনিক দক্ষতা ও বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ তৈরি করাই এ আয়োজনের অন্যতম লক্ষ্য। নিজের ক্লাবিংয়ের অভিজ্ঞতা তুলে ধরে তিনি জানান, স্কুলজীবনে আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল আইটি ক্লাবের মাধ্যমে তাঁর ক্লাবিংয়ের যাত্রা শুরু হয়। পরবর্তী সময় বিভিন্ন সাংস্কৃতিক, ব্যবসা, পরিবেশ ও প্রযুক্তিভিত্তিক ক্লাবের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় সংগঠনের সঙ্গে কাজ করেছেন এবং এনইইডির মতো বিভিন্ন বেসরকারি সংগঠনসহ জাতিসংঘের ইউএনডিপির প্রজেক্টে বিভাগীয় কো-অর্ডিনেটর হিসেবে কাজ করার সুযোগ অর্জন করেন। বিভিন্ন পর্যায়ের ক্লাব কার্যক্রমের অভিজ্ঞতা তাঁর নেতৃত্ব ও সংগঠন পরিচালনার দক্ষতা বাড়াতে সহায়তা করেছে বলেও জানান তিনি।

পাঠাগার ও পাঠচক্র সম্পাদক, ড্যাফোডিল বন্ধুসভা