চট্টগ্রাম বন্ধুসভার কার্যক্রমকে আরও বিস্তৃত, কার্যকর ও প্রাণবন্ত করার লক্ষ্যে সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। ৮ আগস্ট অনুষ্ঠিত এ সভায় বন্ধুসভার সঙ্গে বন্ধুদের যুক্ত হওয়ার কারণ, সংগঠনের সঙ্গে পথচলার অভিজ্ঞতা এবং আগামী দিনের পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।
সভায় বন্ধুরা জানান, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষামূলক কার্যক্রমের মাধ্যমে নিজেদের দক্ষতা ও অভিজ্ঞতা বাড়ানোর পাশাপাশি সমাজের জন্য কিছু করার সুযোগ থেকেই তাঁরা বন্ধুসভার সঙ্গে যুক্ত হয়েছেন। বন্ধুসভার মাধ্যমে ব্যক্তিগত উন্নয়ন, সামাজিক সম্পৃক্ততা ও পারস্পরিক সহযোগিতার সুযোগ আরও বাড়ানোর বিষয়ে মতামত তুলে ধরা হয়।
আগামী দিনে বন্ধুসভার কার্যক্রম আরও বিস্তৃত করার বিষয়ে বিভিন্ন প্রস্তাবও উঠে আসে। এর মধ্যে বন্ধুসভার কার্যক্রমের প্রচার-প্রচারণা বাড়ানো, পাঠক ফোরাম হিসেবে বন্ধুসভার পরিচিতি আরও শক্তিশালী করা, নিয়মিত বিতর্ক ও বিভিন্ন কর্মশালার আয়োজন এবং বন্ধুদের মধ্যে যোগাযোগ ও নেটওয়ার্কিংয়ের সুযোগ তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয়।
সভায় নতুন বন্ধুদের বন্ধুসভার সঙ্গে যুক্ত করার পাশাপাশি বর্তমান বন্ধুদের আরও সক্রিয়ভাবে সম্পৃক্ত করার বিষয়েও আলোচনা হয়। বন্ধুদের আগ্রহ, দক্ষতা ও মতামতকে কাজে লাগিয়ে নিয়মিত ও বৈচিত্র্যময় কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্বারোপ করা হয়।
সাধারণ সম্পাদক ইরফাতুর রহমান বলেন, ‘বন্ধুসভাকে আরও সক্রিয় ও সবার অংশগ্রহণের একটি প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তুলতে বন্ধুদের মতামত ও উদ্যোগকে গুরুত্ব দেওয়া প্রয়োজন। নিয়মিত কার্যক্রমের পাশাপাশি নতুন নতুন সুযোগ তৈরি হলে আরও বেশি তরুণ আগ্রহী হবেন।’
সভাপতি রুমিলা বড়ুয়া বলেন, ‘বন্ধুসভা শুধু একটি সংগঠন নয়, এর বাইরে এটি বন্ধুদের নিজেদের ভাবনা, সৃজনশীলতা ও উদ্যোগকে কাজে লাগানোর একটি জায়গা। সবাই যদি নিজেদের মতামত ও দক্ষতা নিয়ে এগিয়ে আসেন, তাহলে সম্মিলিত উদ্যোগে বন্ধুসভার কার্যক্রম আরও সুন্দর ও অর্থবহভাবে এগিয়ে নেওয়া সম্ভব।’
প্রশিক্ষণ সম্পাদক, চট্টগ্রাম বন্ধুসভা