জীবনের প্রতিকূলতা দমিয়ে রাখতে পারেনি বিল্লাল মিয়াকে। একটি হাত না থাকলেও নিজের শ্রম ও সামর্থ্য দিয়ে জীবিকা নির্বাহের চেষ্টা করে যাচ্ছেন তিনি। ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ক্যাম্পাসের প্রবেশপথের পাশে ছোট্ট একটি চায়ের দোকান পরিচালনা করেন তিনি। প্রতিদিনের আয় দিয়েই চলে জীবনযাপন।
শীতের আগমন মানেই বাংলার ঘরে ঘরে পিঠাপুলির উৎসব। এই ঋতুকে ঘিরে ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য তৈরি হয় বাড়তি আয়ের সম্ভাবনা। বিল্লাল মিয়ার জীবনেও সেই সম্ভাবনাকে কিছুটা সহজ করে দিতে এগিয়ে এসেছে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) বন্ধুসভা।
প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘একটি ভালো কাজ’ কর্মসূচির অংশ হিসেবে ডিআইইউ বন্ধুসভার বন্ধুরা বিল্লাল মিয়ার পাশে দাঁড়িয়েছেন। তাঁর দোকানের কিছু প্রয়োজনীয় সামগ্রী ও শীতের পিঠা তৈরির আয়োজনের জন্য প্রয়োজনীয় উপকরণ উপহার দেওয়া হয়েছে।
বন্ধুসভার বন্ধুরা মনে করেন, মানুষের পাশে দাঁড়ানো মানে কেবল সাহায্য করা নয়; বরং তাঁর কাজের প্রতি সম্মান জানানো এবং নিজের সামর্থ্যে এগিয়ে যাওয়ার পথে সহযোগিতা করা। একটি ছোট উদ্যোগ হয়তো কারও জীবনের সব সীমাবদ্ধতা দূর করতে পারে না, তবে নতুন সম্ভাবনার দরজা খুলে দিতে পারে।
কার্যনির্বাহী সদস্য, ডিআইইউ বন্ধুসভা