‘মানুষ কি সত্যিই তার মানসিকতা পরিবর্তন করে পরিবেশবান্ধব জীবনযাপনের পথে এগোতে প্রস্তুত?’
চট্টগ্রাম বন্ধুসভার পরিবেশ সচেতনতামূলক বিশেষ কর্মশালা ‘গ্রিন মাইন্ডসেট’এ অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে শুরুতেই এই প্রশ্ন ছুড়ে দেন আলোচক বিটার যুব প্রশিক্ষক ও কর্মসংস্থান কর্মকর্তা ইকবাল হোসেন। গত ৩১ জানুয়ারি ভার্চ্যুয়ালি এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
প্রশ্নের প্রেক্ষাপটে আলোচক ফিক্সড মাইন্ডসেট ও গ্রোথ মাইন্ডসেট ধারণা ব্যাখ্যা করেন এবং পরিবেশ রক্ষায় গ্রিন মাইন্ডসেট গড়ে তোলার গুরুত্ব তুলে ধরেন। ইকবাল হোসেন বলেন, ‘আমাদের দৃঢ়ভাবে বিশ্বাস করতে হবে যে এই পৃথিবী আমরা আবর্জনা শূন্য ও প্লাস্টিক শূন্য হিসেবে গড়ে তুলতে পারব।’
বন্ধুরা জানান, কর্মশালা আয়োজনের উদ্দেশ্য ছিল পরিবেশবান্ধব মানসিকতা গড়ে তোলা, টেকসই জীবনধারা চর্চা এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ব্যক্তি ও সমাজের ভূমিকা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি।
কর্মশালায় অংশগ্রহণকারীরা দৈনন্দিন জীবনের অভিজ্ঞতা ভাগাভাগি করেন। প্লাস্টিক দূষণ, ওয়ানটাইম প্লাস্টিক ব্যবহার, বর্জ্য ব্যবস্থাপনা ও ব্যক্তিগত সীমাবদ্ধতা নিয়ে খোলামেলা আলোচনা হয়। উঠে আসে সব পরিবর্তন একসঙ্গে সম্ভব না হলেও ছোট ছোট উদ্যোগ থেকেই বড় পরিবর্তনের সূচনা হতে পারে।
বিশেষ আলোচক হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম প্রিমিয়ার ইউনিভার্সিটির আইন বিভাগের সহযোগী অধ্যাপক সঞ্জয় বিশ্বাস। তিনি বলেন, ‘সাসটেইনেবিলিটি মানে হলো নিজের জীবন এমনভাবে পরিচালনা করা, যাতে ভবিষ্যৎ প্রজন্মের জন্য পরিবেশবান্ধব উপায়ে পর্যাপ্ত সম্পদ রেখে যাওয়া যায়।’
তিনি পঞ্চচক্রভিত্তিক চিন্তার আলোকে টেকসই উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণের গুরুত্ব ব্যাখ্যা করেন।
অংশগ্রহণকারীরা গ্রিন মাইন্ডসেট বাস্তবায়নের ক্ষেত্রে প্লাস্টিক ব্যবহার কমানো, দায়িত্বশীল ভোক্তা হিসেবে আচরণ, রিডিউস ও রিইউজ চর্চা, রিসাইক্লিং, পানি ও বিদ্যুৎ অপচয় রোধ এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। অনেকে ব্যক্তিগত পর্যায়ে রোল মডেল হওয়া, স্থানীয়ভাবে সচেতনতামূলক কার্যক্রম, হাতে–কলমে কর্মশালা, থিয়েটার ও ডকুমেন্টারি প্রদর্শনের মতো উদ্যোগ বাস্তবায়নের আগ্রহ প্রকাশ করেন।
কর্মশালায় একটি কুইজ পর্বের আয়োজন করা হয়। দ্রুততম সময়ে সঠিক উত্তর দিয়ে বিজয়ী হন বন্ধু সাইনুর আখতার। ‘রিডিউস অ্যান্ড রিইউজ’ শীর্ষক সেরা আইডিয়া উপস্থাপন করেন কামরান চৌধুরী।
আয়োজনে সার্বিক সহযোগিতায় ছিলেন জয় চক্রবর্তী এবং আইটি সাপোর্টে দায়িত্ব পালন করেন বন্ধু ইনজামাম ইসলাম।
প্রশিক্ষণ সম্পাদক, চট্টগ্রাম বন্ধুসভা