সমাজের পিছিয়ে পড়া মানুষের মধ্যে ঈদের আনন্দ ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে ‘সহমর্মিতার ঈদ’ কর্মসূচি করে ডিআইইউ বন্ধুসভা। এর অংশ হিসেবে ১ মার্চ ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ক্যাম্পাসে শিশুদের নতুন জামা ও তাদের পরিবারকে ঈদের খাদ্যসামগ্রী উপহার দেওয়া হয়।
এ বিষয়ে ডিআইইউ বন্ধুসভার উপদেষ্টা অধ্যাপক আবদুল বাসেত বলেন, ‘ঈদের আসল শিক্ষা হলো সহমর্মিতা ও ভাগাভাগি। শিক্ষার্থীরা যখন নিজের আনন্দের একটি অংশ অন্যের জন্য উৎসর্গ করে, তখনই সমাজে মানবিকতার আলো ছড়িয়ে পড়ে।’
উপদেষ্টা তাহযীব উল ইসলাম বলেন, ‘এ ধরনের উদ্যোগ শুধু সহায়তা নয়, এটি মানুষের প্রতি দায়বদ্ধতারও প্রকাশ। তরুণদের মধ্যে এই মানসিকতা সমাজের জন্য অত্যন্ত আশাব্যঞ্জক।’
কর্মসূচি বাস্তবায়নে সংগঠনের উপদেষ্টা ও কমিটি সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অর্থসহায়তা প্রদান করেন। সবার ছোট ছোট অবদান মিলেই এই মানবিক আয়োজন সফলভাবে সম্পন্ন হয়।
উপহার পেয়ে ছোট্ট সুমাইয়া নতুন পোশাকটি হাতে নিয়ে লাজুক হাসিতে বলে, ‘এই ঈদে আমিও সবার মতো নতুন জামা পরব।’
আরেক কিশোর রিফাত আনন্দে তার জামাটি বুকে জড়িয়ে ধরে বলে, ‘এটা আমার ঈদের বড় উপহার।’
ডিআইইউ বন্ধুসভার সভাপতি আদিল সরকার বলেন, ‘আমরা প্রতি বছরই “সহমর্মিতার ঈদ” কর্মসূচির মাধ্যমে কিছু পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার চেষ্টা করি। এ বছরও তারই ধারাবাহিকতায় এ আয়োজন। আমাদের এই ছোট্ট প্রচেষ্টায় যদি কিছু মানুষকে সামান্য হলেও আনন্দিত করা যায়, সেটাই সবচেয়ে বড় প্রাপ্তি।’