ভাষার শব্দ কীভাবে সময়ের সঙ্গে অর্থ, ব্যবহার ও তাৎপর্যে পরিবর্তিত হয়, এমন নানা বিষয়কে সামনে রেখে ফরহাদ খানের লেখা প্রথমা প্রকাশনের ‘শব্দের গল্প’ বই নিয়ে পাঠচক্রের আসর করে নোয়াখালী বন্ধুসভা। ২২ আগস্ট বিকেলে জেলা শিল্পকলা একাডেমির বটতলায় চলতি বছরের ১৯তম এই পাঠের আসর অনুষ্ঠিত হয়।
সাধারণ সম্পাদক সানি তামজীদের সঞ্চালনায় পাঠচক্রে বইটির ‘হিসাবের শব্দ’ ও ‘অর্থগুলো বদলে যায়’ অধ্যায় দুটির নির্বাচিত অংশ পাঠ ও বিশ্লেষণ করা হয়। আলোচনার শুরুতে ‘হিসাবের শব্দ’ অংশে সময় পরিমাপের সঙ্গে যুক্ত বাংলা শব্দগুলোর ব্যবহার ও তাৎপর্য নিয়ে আলোচনা করা হয়। নিমেষ, মুহূর্ত, প্রহর, পল, ক্ষণ ও দণ্ড। প্রতিটি শব্দ যে শুধু সময়ের একক নয়, বরং বাংলা ভাষা ও সংস্কৃতির দীর্ঘ ঐতিহ্যের সঙ্গে যুক্ত, তা পাঠের আসরে উঠে আসে।
বইটিতে সময়ের সূক্ষ্ম অনুভূতিকে ধারণ করা শব্দগুলোর ব্যবহার কীভাবে মানুষের দৈনন্দিন ভাষায় রূপ পেয়েছে, সেটিও সহজ-সাবলীলভাবে ব্যাখ্যা করা হয়েছে। আলোচনায় বিশেষভাবে উঠে আসে ‘মুহূর্ত’, ‘প্রহর’, ‘পল’ ও ‘নিমেষ’-এর মতো শব্দের ব্যবহার। যেমন বইটিতে বলা হয়েছে ‘কালের গতিতে সেই অর্থের পরিবর্তন ঘটে যায়’। এ বক্তব্যকে কেন্দ্র করে উপস্থিত বন্ধুরা ভাষার পরিবর্তনশীল স্বভাব নিয়ে মনোভাব প্রকাশ করেন।
পরবর্তী সময়ে ‘অর্থগুলো বদলে যায়’ অংশটি পাঠ করা হয়। এই অংশে দেখানো হয়েছে, একটি শব্দের জন্মের সময় যে অর্থ থাকে, সময়ের প্রবাহে তার অর্থ ও ব্যবহার অনেক ক্ষেত্রে বদলে যেতে পারে। ধান, শাক, অহংকার, অঞ্জলি, কলস, কলহসহ বিভিন্ন শব্দের উদাহরণের মাধ্যমে বাংলা শব্দভান্ডারের পরিবর্তনের চিত্র তুলে ধরা হয়েছে।
সহসভাপতি মো. শিমুল বলেন, ‘শব্দ কেবল যোগাযোগের মাধ্যম নয়, বরং একটি শব্দের ভেতরে লুকিয়ে থাকে ইতিহাস, সংস্কৃতি, মানুষের জীবনযাপন ও সময়ের পরিবর্তনের গল্প। তাই একটি শব্দের বর্তমান অর্থ জানার পাশাপাশি তার উৎস ও অর্থের বিবর্তন জানাও ভাষাকে গভীরভাবে বোঝার একটি গুরুত্বপূর্ণ পথ।’
সভাপতি আসিফ আহমেদ বলেন, ‘শব্দ যখন তৈরি হয়, তখন তার নিজস্ব একটা অর্থ থাকে। সময়ের সঙ্গে শব্দের অর্থ বদলে যাওয়ার এই স্বাভাবিক প্রক্রিয়াই যেন মনে করিয়ে দেয় ভাষা কখনো স্থির নয়। মানুষের জীবন ও সমাজের সঙ্গে সঙ্গে ভাষাও প্রতিনিয়ত পরিবর্তিত হয়।’
পাঠচক্রে আরও উপস্থিত ছিলেন পাঠাগার ও পাঠচক্র সম্পাদক শান্ত চন্দ্র দে, কার্যনির্বাহী সদস্য রুমাইয়া সুলতানা ও সানজিদা মাধবী, বন্ধু পেয়ারুল ইসলাম, মিহানুর রহমান, শাহরিয়ার, ফাইজা, প্রিতু নাথ, রোহানসহ অনেকে।
সাধারণ সম্পাদক, নোয়াখালী বন্ধুসভা